রাজ্য
আদালতে নির্মল-সঞ্জীব, থানায় তুমুল বিক্ষোভ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আরজি কর কাণ্ডে ধৃত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল খড়দহ থানা চত্বর। গতকাল সিবিআই-এর হাতে গ্রেপ্তার হওয়ার পর, আজ তাঁদের বারাকপুর আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার আগে দুই অভিযুক্তকে লক্ষ্য করে ডিম, কাদা ও জুতো ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।
তদন্তকারীদের মূল লক্ষ্য, আরজি করের ঘটনার দিন কার নির্দেশে এবং কেন পরিবারের সম্মতি ছাড়াই তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করা হয়েছিল, তা খতিয়ে দেখা। এই রহস্যের জট খুলতেই দুই প্রভাবশালীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
এদিন সকাল থেকেই খড়দহ থানার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। দুপুর সাড়ে ১২টা নাগাদ কড়া পাহারায় প্রথমে সঞ্জীব মুখার্জিকে থানার বাইরে আনা হলে উত্তেজনা চরমে পৌঁছায়। সেখানে আগে থেকেই হাজির ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। দুই অভিযুক্তকে দেখা মাত্রই তাঁরা তীব্র স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীদের ভিড় থেকে আচমকাই সঞ্জীবকে লক্ষ্য করে ডিম, কাদা ও জুতো ছুড়ে মারা হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।
এর কিছু পরেই কড়া নিরাপত্তায় নির্মল ঘোষকেও থানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয়। সেখানেও চলে ব্যাপক বিক্ষোভ ও গো-ব্যাক স্লোগান। খড়দহ থানার সামনে এই ধুন্ধুমার পরিস্থিতির জেরে বিটি রোডের একাংশে যানজটের সৃষ্টি হয়। পুলিশি ঘেরাটোপে শেষ পর্যন্ত দুজনকে বারাকপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই তথ্যপ্রমাণ লোপাটের পিছনের আসল মাথাকে খুঁজতে চাইছে। এই ঘটনার পর বারাকপুর আদালত চত্বরেও নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

