রাজ্য
উচ্চশিক্ষায় বড় সুযোগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে গেল। এবার সরাসরি জাপানে গিয়ে পড়াশোনা এবং আন্তর্জাতিক মানের গবেষণা করার সুযোগ পাবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (NBU) ছাত্রছাত্রীরা। মঙ্গলবার জাপানের ঐতিহ্যবাহী ওসাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি দ্বিপাক্ষিক মৌ বা সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। এর ফলে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ুয়া এবং গবেষক আদান-প্রদানের পথ প্রশস্ত হল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে শিক্ষার মানোন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির আদান-প্রদান। নতুন এই চুক্তি অনুযায়ী, ওসাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যেমন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে পাঠ নিতে পারবেন, ঠিক তেমনই এখানকার ছাত্রছাত্রীরাও জাপানে গিয়ে ওসাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উচ্চতর গবেষণা ও পড়াশোনা করার সুযোগ পাবেন। বিশেষ করে রসায়ন বিভাগের গবেষকদের ক্ষেত্রে এটি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওসাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস শুধু জাপানেই সীমাবদ্ধ নয়, বিশ্বের একাধিক উন্নত দেশে তাদের বিশ্বমানের শিক্ষা ও গবেষণা কেন্দ্র রয়েছে। অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেখানে বিশ্বমানের গবেষণার কাজ চালানো হয়। দীর্ঘদিন ধরেই এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষাগত সহযোগিতার বিষয়ে আলাপ-আলোচনা চলছিল। মঙ্গলবার সেই প্রক্রিয়াটিই মউ স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত রূপ পেল।
এনবিইউ কর্তৃপক্ষের দাবি, এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে আগামী দিনে উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক স্তরে কাজ করার এবং উচ্চশিক্ষার এক বিরাট দ্বার উন্মুক্ত হল। ডুয়ার্স ও উত্তরবঙ্গের মতো প্রান্তিক এলাকার মেধাবী পড়ুয়ারা গ্লোবাল এক্সপোজার পাবেন। এই চুক্তির মাধ্যমে আগামী দিনে যৌথ গবেষণা প্রকল্প এবং আন্তর্জাতিক সেমিনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে দুই বিশ্ববিদ্যালয়ের।

