রাজ্য
স্বাধীনতা দিবসে নাশকতার ছক? জঙ্গির কাছে পাওয়া গেল ম্যাপ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাবড়া: চোদ্দো বছর ধরে এ দেশে আত্মগোপন করে ভুয়ো ভোটার ও আধার কার্ড তৈরি। অবশেষে স্বাধীনতা দিবসের ঠিক মুখে বাংলাদেশ পালানোর পথে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) জালে ধরা পড়ল এক কুখ্যাত পাক আইএসআই (ISI) এজেন্ট। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার হাবড়ায় যশোর রোড ধরে বেনাপোল সীমান্তের দিকে যাওয়ার সময় রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলম নামের ওই পাক চরকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ ইজাজ নামের তার এক স্থানীয় সহযোগীকেও।
ধৃত রানাকে দফায় দফায় জেরা করে ইতিমধ্যেই একাধিক বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়মের বেশ কিছু গোপন ছবি এবং একটি নিখুঁত ম্যাপ উদ্ধার করেছেন এসটিএফের গোয়েন্দারা। কলকাতায় খাস সেনা সদর দফতরের এই অতি সংবেদনশীল ছবি এবং ম্যাপ কীভাবে ওই পাক চরের হাতে পৌঁছাল, তা ভেবেই কপালে ভাঁজ পড়েছে প্রতিরক্ষা ও রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের। এই চক্রের পেছনে সেনাবাহিনীর ভেতরের কোনও বিভীষণ জড়িয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সামনেই ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। তার ঠিক প্রাক্কালে এই দুই চরের সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা এবং ফোর্ট উইলিয়মের ছবি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়েন্দাদের অনুমান, বড়সড় কোনও নাশকতার নীল-নকশা তৈরি করতেই গত ১৪ বছর ধরে কলকাতায় জাল বিছিয়েছিল এই পাক এজেন্ট। বড় কোনও ঘটনা ঘটানোর ছক ছিল কি না, তাও এখন এসটিএফের তদন্তের রাডারে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ইতিপূর্বেই কেন্দ্রীয় সেনা গোয়েন্দাদের (Military Intelligence) সাথে যোগাযোগ করেছে এসটিএফ। ধৃতদের আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার তোড়জোড় শুরু করেছে পুলিশ।

