বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

'মাঝরাতে মন্দিরে জন্মদিন পালন', সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক নৈহাটির বড়মা মন্দির কমিটি

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
'মাঝরাতে মন্দিরে জন্মদিন পালন', সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক নৈহাটির বড়মা মন্দির কমিটি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের মাঝেই এবার উত্তর ২৪ পরগনার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা মন্দিরকে কেন্দ্র করে শুরু হলো নতুন রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে পদ ও ক্ষমতার প্রভাব খাটিয়ে মাঝরাতে মন্দিরের গর্ভগৃহ খুলিয়ে জন্মদিন পালন করার বিস্ফোরক অভিযোগ তুললেন নৈহাটি বড়মা কালিপূজা ও মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য। রবিবার সাংবাদিক বৈঠক ডেকে তিনি এই অভিযোগ করেন।

রবিবার আয়োজিত ওই সাংবাদিক বৈঠকে বড়মা মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য সরাসরি বারাকপুরের সাংসদকে নিশানা করেন। তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, "সাংসদ পার্থ ভৌমিক নিজের পদের প্রভাব খাটিয়েছেন। নিয়মবহির্ভূতভাবে গভীর রাতে মন্দিরের দরজা খোলানো হয় এবং সেখানে তাঁর জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছিল।" এই ঘটনা মন্দিরের পবিত্রতা এবং চিরাচরিত রীতিনীতিকে ক্ষুণ্ণ করেছে বলে দাবি করেন তিনি।

সাংসদ পার্থ ভৌমিকের পাশাপাশি নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বড়মা মন্দির কমিটির প্রাক্তন সভাপতি অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দেন তাপস ভট্টাচার্য। তাঁর অভিযোগ, পদাধিকারী না হয়েও অশোক চট্টোপাধ্যায় এখনও মন্দির পরিচালনায় নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছেন। মন্দির কমিটির স্বাধীন কাজে বারবার বাধা সৃষ্টি এবং নিজস্ব অনুগামীদের দিয়ে আধিপত্য কায়েম করার চেষ্টা করা হচ্ছে। 
সাংবাদিক বৈঠকে সম্পাদক সাফ জানিয়ে দিয়েছেন যে, মন্দিরের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরণের রাজনৈতিক প্রভাব খাটানো এবং ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। খুব দ্রুতই নৈহাটি থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।তৃণমূলের হেভিওয়েট সাংসদ ও স্থানীয় নেতার বিরুদ্ধে মন্দির কমিটির এই সরাসরি যুদ্ধ ঘোষণা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে সাংসদ পার্থ ভৌমিক বা অশোক চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।