গ্রাম সড়ক যোজনায় ত্রুটি সংশোধনের সময় বাড়াল কেন্দ্র
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (পিএমজিএসওয়াই) নির্মাণাধীন রাস্তার গুণগত মানের ত্রুটি সংশোধন এবং তার রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা এক ধাক্কায় দ্বিগুণ করল কেন্দ্রীয় সরকার। জাতীয় গুণমান পর্যবেক্ষকদের (এনকিউএম) পরিদর্শনের পর আগে যেখানে মাত্র ৬ মাসের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ (এটিআর) জমা দিতে হতো, এখন থেকে তার জন্য পুরো ১ বছর অর্থাৎ ১২ মাস সময় পাবে রাজ্যগুলি।
সম্প্রতি কেন্দ্রীয় গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সংস্থার (এনআরআরডিএ) তরফে পশ্চিমবঙ্গ-সহ দেশের সমস্ত রাজ্যকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের এই নতুন নির্দেশিকার ফলে রাজ্যে গ্রামীণ রাস্তা তৈরির থমকে থাকা কাজগুলি পুনরায় গতি পাবে। আগে সময়সীমা কম থাকার কারণে অনেক সময়ই নির্দিষ্ট মেয়াদের মধ্যে প্রশাসনিক জটিলতা কাটিয়ে রিপোর্ট পাঠানো সম্ভব হতো না। ফলে মাঝপথেই আটকে যেত প্রকল্পের পরবর্তী পর্যায়ের বরাদ্দ টাকা।
প্রশাসনিক মহলের একাংশের মতে, সময়সীমা বৃদ্ধির ফলে তড়িঘড়ি জোড়াতাপ্পি দিয়ে রিপোর্ট পাঠানোর প্রবণতা কমবে। রাজ্যগুলি ত্রুটিপূর্ণ রাস্তাগুলি ভালোভাবে মেরামত করার জন্য পর্যাপ্ত সময় পাবে। তবে সময়সীমা শিথিল করা হলেও কাজের গুণমান কিংবা আর্থিক শৃঙ্খলার প্রশ্নে যে বিন্দুমাত্র আপস করা হবে না, তা চিঠিতে স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। নতুন নিয়ম শুধুমাত্র কাজের গুণগত মান বজায় রেখে ত্রুটি সংশোধনের জন্যই আনা হয়েছে বলে জানানো হয়েছে।

