বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

পুজোর আগে জিমগুলিতে জেন-জির ভিড়

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬
পুজোর আগে জিমগুলিতে জেন-জির ভিড়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর নতুন জামা আর নতুন সাজের সঙ্গে এবার চাই ঝকঝকে মেদহীন চেহারা। আর উৎসবের দিনগুলিতে নিজেকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলতেই মেদিনীপুর শহরের জিমগুলিতে এখন উপচে পড়ছে জেন-জি অর্থাৎ তরুণ প্রজন্মের ভিড়। সকাল থেকে রাত—শহরের ছোট-বড় সব শরীরচর্চা কেন্দ্রেই এখন তরুণ-তরুণীদের থিকথিকে ভিড় এবং দম ফেলার ফুরসত নেই ট্রেনারদের।

কারও লক্ষ্য উৎসবের চারদিন স্রেফ ‘ফিট’ থাকা, কারও আবার তিন মাসের মধ্যেই চাই চাবুক মাসকুলার বডি। জিমের ভারী ওজন তোলার ফাঁকে অনেক তরুণ তো স্পষ্টই বলছেন, পুজোর মণ্ডপে পা রাখার আগে সিক্স প্যাক চাই-ই-চাই! মেদিনীপুর শহরের এক নামী জিমের মালিক অসিতকুমার মণ্ডল বলেন, “পুজোর মুখে আমাদের জিমেও প্রচুর স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছেন। পুজোর হিড়িক তো আছেই, তবে এর পাশাপাশি মানুষ যে আরও স্বাস্থ্য সচেতন হচ্ছেন, সেটা দেখেও ভালো লাগছে।”
মেদিনীপুরের একটি জিমে ঘাম ঝরাতে আসা পার্থসারথি ভট্টাচার্য ও স্নিগ্ধা সূত্রধরের কথায়, “পুজোর আগে এখন শত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন জিমে আসছি। শরীর ভালো এবং ফিট থাকলে যে কোনও ধরনের পোশাকেই নিজেকে দেখতে ভালো লাগে। পুজোর নতুন পোশাকগুলো যাতে গায়ে একদম ঠিকঠাক বসে, সেটাই এখন আসল লক্ষ্য। আমরা সবাই পুজোর দিনগুলোর জন্য মুখিয়ে আছি।”
তরুণ প্রজন্মের এই শরীরচর্চার উন্মাদনাকে ইতিবাচক চোখেই দেখছেন স্থানীয় বিধায়ক শংকর গুচ্ছাইত। তিনি বলেন, “আজকালকার ছেলে-মেয়েদের ফিটনেস নিয়ে এই সচেতনতা সত্যিই প্রশংসনীয়। আমারও মাঝে মাঝে জিমে গিয়ে শরীরচর্চা করার খুব ইচ্ছে হয়। কিন্তু রাজনৈতিক ও সামাজিক কাজের ব্যস্ততায় একদম সময় হয়ে ওঠে না। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরাই তো দেশের ভবিষ্যৎ। এরাই আগামী দিনে সুস্থ সমাজ গঠনের পথ দেখাবে।” সব মিলিয়ে, পুজোর শপিংয়ের পাশাপাশি এখন মেদিনীপুরের জিমগুলিতেও চলছে জোরকদমে রূপান্তরের মেগা প্রস্তুতি।

আরও রাজ্য খবর