রাজ্য
রথযাত্রায় পুরী যাওয়ার জন্য ভক্ত ও পর্যটকদের জন্য বিশেষ ট্রেন, দেখে নিন সময়
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৬ জুলাই রথযাত্রা। জগন্নাথদেবের টানে আষাঢ়ের এই পুণ্যতিথিতে প্রতি বছরই বাক্সপ্যাঁটরা গুছিয়ে ওড়িশার শ্রীক্ষেত্রের উদ্দেশে রওনা দেন এ রাজ্যের হাজার হাজার মানুষ। উৎসবের মরশুমে পুরীগামী নিয়মিত ট্রেনগুলিতে টিকিটের হাহাকার যখন তুঙ্গে, ঠিক তখনই ভক্ত এবং পর্যটকদের জন্য বড়সড় সুখবর দিল পূর্ব রেল। ভিড় সামাল দিতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যে মালদহ টাউন থেকে পুরীর মধ্যে একজোড়া বিশেষ ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের এই ঘোষণায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পুণ্যার্থীদের মধ্যেও খুশির হাওয়া।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ০৩৪০৩ মালদহ টাউন-পুরী স্পেশাল ট্রেনটি মোট দু’টি ট্রিপ দেবে। আগামী ১৪ এবং ২২ জুলাই মালদহ টাউন স্টেশন থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে ট্রেনটি। বিভিন্ন জেলা পেরিয়ে পরের দিন ভোর ৫টা ৩০ মিনিটে সেটি পুরী পৌঁছবে। ফলে রথযাত্রার মূল উৎসব শুরুর আগেই পুরীতে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।
অন্যদিকে, ফিরতি পথে ০৩৪০৪ পুরী-মালদহ টাউন স্পেশাল ট্রেনটি চালানো হবে আগামী ১৭ এবং ২৫ জুলাই। এই স্পেশাল ট্রেনটি নির্দিষ্ট দিনে পুরী স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ছাড়বে এবং পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে মালদহ টাউনে এসে পৌঁছবে।
উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী এই বিশেষ ট্রেনটির রুটও তৈরি করা হয়েছে অত্যন্ত পরিকল্পনামাফিক। যাত্রাপথে ট্রেনটি নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে। রেল কর্তাদের একাংশের মতে, এই স্টপেজগুলির ফলে কেবল মালদহ নয়— মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার মতো একাধিক জেলার রেলযাত্রীরা সরাসরি উপকৃত হবেন। ইতিমধ্যেই এই ট্রেনগুলির বুকিং সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর।

