রাজ্য
রাজ্যে ৩৫ লক্ষ জাতীয় পতাকা বিলির সিদ্ধান্ত
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে ফের শুরু হতে চলেছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এই বছর রাজ্যজুড়ে প্রায় ৩৫ লক্ষ জাতীয় পতাকা বিতরণের এক বিশাল উদ্যোগ নিচ্ছে নবান্ন। কর্মসূচিটি সর্বাত্মকভাবে সফল করতে জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভা স্তরে আলাদাভাবে আর্থিক বরাদ্দও করছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত গোটা রাজ্যজুড়ে এই বিশেষ কর্মসূচি পালিত হবে।
নবান্ন সূত্রে খবর, এই কর্মসূচির রূপায়ণে প্রতিটি জেলা এবং রাজ্যের সাতটি বড়ো পুরসভার জন্য ১ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে। এ ছাড়াও প্রতিটি মহকুমার জন্য ৫০ হাজার টাকা এবং বাকি পুরসভা ও ব্লকগুলির জন্য ২০ হাজার টাকা করে অর্থ বরাদ্দ করা হবে। ইতিমধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন প্রত্যেক জেলাশাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের চিঠি পাঠিয়ে এই সরকারি উদ্যোগকে একেবারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নির্দেশিকা অনুযায়ী, সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য প্রতিটি জেলা এবং কলকাতা পুরসভা এলাকার জন্য কেন্দ্রীয়ভাবে ১ লক্ষ ৫০ হাজার করে জাতীয় পতাকা সরবরাহ করা হবে। ভৌগোলিক আয়তন ও জনসংখ্যার নিরিখে কালিম্পং জেলাকে দেওয়া হবে ২০ হাজার জাতীয় পতাকা। রাজ্য সরকারের লক্ষ্য, এই বরাদ্দের মাধ্যমে প্রতিটি প্রান্তে যেন জাতীয় পতাকার জোগান অক্ষুণ্ণ থাকে।

