বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

রামপুরহাটে উদ্ধার প্রাক্তন ডেপুটি স্পিকারের দেহ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬
রামপুরহাটে উদ্ধার প্রাক্তন ডেপুটি স্পিকারের দেহ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সাতসকালে রামপুরহাট শহরের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় তাঁর নিজস্ব বাসভবনের লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর দেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় বীরভূম জেলা তো বটেই, রাজ্যের রাজনৈতিক মহলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর আগের দিন অর্থাৎ শনিবারও তিনি বেশ কয়েকজন দলীয় কর্মী ও অনুগামীর সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছিলেন। কিন্তু রবিবার সকালে দীর্ঘক্ষণ তাঁর দেখা না মেলায় পরিবারের লোকজন ও দলীয় কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপরই কার্যালয়ের দরজা খুলে ভেতরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেটি ডঃ বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে লেখা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
রামপুরহাট কলেজের প্রাক্তন বাংলা বিভাগের অধ্যাপক ডঃ আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন বীরভূমের রাজনীতির এক অত্যন্ত পরিচিত মুখ। তিনি রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে টানা পাঁচবার তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় শিক্ষাদপ্তর ও কৃষি দপ্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন তিনি। পরবর্তীতে তিনি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের আসন অলংকৃত করেন। তবে ২০২৬ সালের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে তিনি পরাজিত হন। ভোটের এই ফলাফলের পর থেকেই তিনি নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি। তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন শাসক ও বিরোধী দলের বহু শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ব।

আরও রাজ্য খবর