আরজি কর কাণ্ডে ঘটনার রাতে উপস্থিত সবাইকে জিজ্ঞাসাবাদের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর হাসপাতালে অভয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবার প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ঘটনার সেই রাতে এবং তরুণী চিকিৎসকের মৃত্যুর পর আরজি কর হাসপাতালে যাঁরা যাঁরা গিয়েছিলেন, তাঁদের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্বাস্থ্যভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত জানান রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি স্পষ্ট করেছেন, এই অভ্যন্তরীণ তদন্তে যে সমস্ত তথ্য বা নথি উঠে আসবে, তা সবটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) হাতে তুলে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ঘটনার জল কতদূর গড়িয়েছে এবং কোথায় কোথায় প্রশাসনিক খামতি ছিল, তা খতিয়ে দেখতে স্বাস্থ্যদপ্তর পৃথকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। নির্যাতিতা তরুণী চিকিৎসকের যে সমস্ত বিভাগীয় অধ্যাপক ছিলেন, তাঁদের বক্তব্যও বিশদে শোনা হবে। ঘটনার পর ঠিক কোন কোন জায়গায় গাফিলতি বা ফাঁক ছিল এবং পরবর্তীতে কীভাবে সেইসব তথ্যপ্রমাণ বা ঘটনা ‘কৌশল করে’ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, তার প্রতিটির চুলচেরা বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এই বিষয়ে ইতিপূর্বেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।মুখ্যমন্ত্রীর নির্দেশিকা মেনে রাজ্য জুড়ে এক বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচির কথাও এদিন ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আরজি করের নির্যাতিতা ‘অভয়া’র স্মৃতিতে এবং তাঁর সম্মানার্থে রবিবার বেলা ১১টায় রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা ও জেলা হাসপাতাল এবং সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ২ মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি, তাঁর আত্মার শান্তিতে প্রদীপ প্রজ্জ্বলনও করা হবে। এছাড়া, বিধায়ক রত্না দেবনাথের বিধানসভা কেন্দ্রে রবিবার সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। আরজি কর কাণ্ডে দোষীদের আড়াল করার চেষ্টা রুখতে এবং প্রকৃত সত্য সামনে আনতেই স্বাস্থ্য দপ্তরের এই তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল।

