রাজ্য
সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকে সোনা উদ্ধার
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের জুলাই মাসে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা এবং প্রায় পাঁচ কিলো সোনা উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ঠিক চার বছর পর, ২০২৬ সালের জুনে রাজ্যে ফিরল সেই চেনা ছবি। এবার সল্টলেকের তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তোলাবাজি ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলার তদন্তে নেমে সম্প্রতি গ্রেফতার করা হয় সব্যসাচী দত্তকে। তাঁকে জেরা করেই উঠে আসে নদিয়ার তেহট্টের জেলা পরিষদ সদস্যা তথা সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার নাম। সোমবার রাতে ধৃত সব্যসাচীকে সঙ্গে নিয়েই নদিয়ার তেহট্ট ও করিমপুরে টিনার পৈত্রিক ও শ্বশুরবাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ।
রাতভর চলা এই তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনার গয়না, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া গয়নার মধ্যে রয়েছে চওড়া হার, চূড় ও শাঁখা বাঁধানো গয়না। তদন্তকারীদের দাবি, সব্যসাচীর ফ্ল্যাট ও ব্যাঙ্ক লকার থেকে আগেই প্রায় সাড় তিন কেজি সোনা এবং ৫০ কেজি সোনা কেনার রসিদ মিলেছিল। সেই সূত্র ধরেই এই বিপুল পরিমাণ অবৈধ সোনার হদিশ পাওয়া গেল।
পার্থ-অর্পিতা কাণ্ডের এই পুনরাবৃত্তি নিয়ে ফের অস্বস্তিতে তৃণমূল। বিরোধীরা সুর চড়িয়ে আক্রমণ শুরু করেছে। বিধাননগর সিটি পুলিশ ইতিমধ্যেই উদ্ধার হওয়া সমস্ত সোনা বাজেয়াপ্ত করেছে এবং এই বিপুল সম্পত্তির আসল উৎস কী, তা জানতে টিনাকে আগামী বৃহস্পতিবার থানায় হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে।

