বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

‘ইন্ডির পিণ্ডি অনেকদিন আগেই চটকে গিয়েছে’, কটাক্ষ শুভেন্দুর

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
‘ইন্ডির পিণ্ডি অনেকদিন আগেই চটকে গিয়েছে’, কটাক্ষ শুভেন্দুর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর এবং ইন্ডিয়া জোটের বৈঠককে কেন্দ্র করে চড়ল রাজ্যের রাজনৈতিক পারদ। বুধবার দিল্লিতে বসছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। আর সেই বৈঠকের ঠিক আগের দিনই তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারের এই বৈঠককে কার্যত ‘তাৎপর্যহীন’ বলে উড়িয়ে দিয়ে তাঁর কটাক্ষ, “ইন্ডির পিণ্ডি অনেকদিন আগেই চটকে গিয়েছে।”

বিরোধী শিবিরের এই বৈঠক নিয়ে মঙ্গলবার থেকেই জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। বৈঠকে যোগ দিতে ইতিপূর্বেই দিল্লি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের পর গঠিত এই জোটের বর্তমান পরিস্থিতি অনেকটাই আলগা। ইতিমধ্যেই ডিএমকে এবং আম আদমি পার্টি (আপ)-র মতো হেভিওয়েট দলগুলি ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। জানা গিয়েছে, বুধবারের এই মেগা বৈঠকে উপস্থিত থাকছেন না সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও।
সহযোগীদের এই গরহাজিরায় জোটের অন্দরের ফাটল যখন ক্রমশ স্পষ্ট হচ্ছে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ‘‘ওটা কোনও ইন্ডিয়া নয়, ওটা আসলে ইন্ডি জোট। আর ওর পিণ্ডি অনেকদিন আগেই চটকে গিয়েছে।’’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পরিষ্কার যে, বিরোধীদের এই জোটকে তিনি রাজনৈতিকভাবে কোনও গুরুত্বই দিতে রাজি নন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অখিলেশ, কেজরিওয়াল বা স্ট্যালিনদের অনুপস্থিতি বিরোধী জোটের ঐক্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এই ছন্নছাড়া পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়েছে। আর সেই সুযোগেই বিরোধী শিবিরকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে, দিল্লির বৈঠকের আগেই জোটে ভাঙন এবং শুভেন্দুর এই চাঁছাছোলা আক্রমণ বাংলার রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।