বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

স্বাস্থ্যভবনে শুভেন্দু, চালু হচ্ছে কন্ট্রোল রুম

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
স্বাস্থ্যভবনে শুভেন্দু, চালু হচ্ছে কন্ট্রোল রুম
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও স্বচ্ছ করতে এবং রোগীদের হয়রানি কমাতে এবার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে যাওয়ার পথে আচমকাই সল্টলেকের স্বাস্থ্যভবনে সারপ্রাইজ ভিজিটে হাজির হন তিনি। মুখ্যমন্ত্রীর এই অতর্কিত পরিদর্শনে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় স্বাস্থ্য দপ্তরের অন্দরে। সেখানে নবনির্মিত অত্যাধুনিক সেন্ট্রাল কন্ট্রোল রুমটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কর্মরত স্বাস্থ্যকর্মী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এবার থেকে এই কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মাধ্যমেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলির ওপর চব্বিশ ঘণ্টা কড়া নজরদারি চালানো হবে। মূলত সরকারি হাসপাতালগুলিতে জেঁকে বসা ‘দালালরাজ’ চিরতরে খতম করতেই এই আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। বিগত তৃণমূল সরকারের আমলে কলকাতার এসএসকেএম, আরজি কর থেকে শুরু করে জেলা হাসপাতালগুলিতে বারবার দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। বেড পাইয়ে দেওয়া বা চিকিৎসার নামে সাধারণ মানুষের থেকে টাকা হাতানোর বহু ঘটনা সামনে এলেও, পূর্বতন সরকার তা পুরোপুরি বন্ধ করতে পারেনি।
মুখ্যমন্ত্রী জানান, এবার আর শুধু প্রতিশ্রুতি নয়, এই কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিংয়ের মাধ্যমে দালালদের দৌরাত্ম্য সরাসরি রোখা সম্ভব হবে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং রোগীদের অভিযোগের ওপর এখান থেকেই সরাসরি নজর রাখবেন আধিকারিকেরা। কোথাও কোনও অসঙ্গতি দেখলেই সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসামহল ও সাধারণ মানুষের মতে, নতুন সরকারের এই পদক্ষেপ যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে সরকারি স্বাস্থ্য পরিষেবার ভোল বদলে যাবে। গরিব রোগীরা দালালদের খপ্পর থেকে বাঁচবেন এবং দ্রুত সঠিক চিকিৎসা পাবেন।

আরও রাজ্য খবর