'শ্যামাপ্রসাদের দেখানো পথেই চালাতে হবে দপ্তর’, কড়া বার্তা শমীকের
নিজস্ব প্রতিনিধি: “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির সরকার গঠন হয়েছে। তাই শ্যামাপ্রসাদের মতো করেই দপ্তর চালাতে হবে। তাঁর দেখানো আদর্শ ও পথই আমাদের একমাত্র পাথেয়।” মঙ্গলবার নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দলের নেতা ও মন্ত্রীদের উদ্দেশে ঠিক এই ভাষাতেই কড়া ও স্পষ্ট বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিন বিশিষ্ট অধ্যাপক ও গবেষক প্রণবকুমার সাহা সম্পাদিত ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-নতুন ইতিহাসের খোঁজে’ শীর্ষক একটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকেই বিজেপির রাজ্য সভাপতি দলের এই নতুন দিশার কথা মনে করিয়ে দেন।
এদিনের এই হাইপ্রোফাইল গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে রাজ্য রাজনীতি ও বুদ্ধিজীবী মহলের একঝাঁক চেনা মুখ উপস্থিত ছিলেন। শমীক ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, এবং বিশিষ্ট অধ্যাপক ও গবেষক জিষ্ণু বসু প্রমুখ।
আমন্ত্রিত বক্তারা প্রত্যেকেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, তাঁর আপসহীন রাজনৈতিক আদর্শ, সুগভীর দেশভক্তি এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে অত্যন্ত মূল্যবান আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শমীক ভট্টাচার্য। তিনি ভারতীয় রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “আজ আমাদের গর্বের বিষয় যে, ড. শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজের হাতে প্রতিষ্ঠিত দল আজ গঙ্গোত্রী থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে বিস্তৃত হয়েছে।” তিনি আরও যোগ করেন, শ্যামাপ্রসাদবাবু শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন না; বরং স্বাধীন ভারতকে নতুন এক দিশা দেখানো এবং দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম প্রধান যুগপুরুষ ছিলেন তিনি।
সম্পাদক অধ্যাপক প্রণবকুমার সাহার এই নতুন বইটি নিয়ে উপস্থিত গবেষকেরা অত্যন্ত আশাবাদী। তাঁদের মতে, ড. মুখোপাধ্যায়ের জীবনের এমন অনেক অজানা অধ্যায় ও সমকালীন ইতিহাস এই বইটিতে তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের পাঠকদের দেশ গঠনে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন নিউটাউনে বইপ্রেমী ও রাজনৈতিক কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

