টাটাকে সিঙ্গুর জট মেটানোর আর্জি রাজ্যের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গুরের অধ্যায় কি তবে এবার আইনি জট কাটিয়ে সমঝোতার পথে? ন্যানো কারখানার ক্ষতিপূরণ নিয়ে টাটা মোটরসের (Tata Motors) সঙ্গে দীর্ঘদিনের আইনি লড়াই এবার আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চাইছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আইনি টানাপোড়েনের মাঝেই সম্প্রতি নবান্নের উচ্চপদস্থ কর্তারা মুম্বইয়ে টাটার সদর দপ্তরে গিয়ে এই বিষয়ে সরাসরি আবেদন জানিয়েছেন। সিঙ্গুরে কারখানা বন্ধের ক্ষতিপূরণ বাবদ টাটা মোটরসকে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। শুধু তাই নয়, ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ১১ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়ার নির্দেশও বহাল রেখেছিল কলকাতা হাইকোর্ট। তবে আইনি লড়াই জারি থাকায় আপাতত এই বিপুল অর্থ প্রদানের উপর স্থগিতাদেশ রয়েছে। কিন্তু সুদ এবং আসল মিলিয়ে এই টাকার অঙ্ক যেভাবে দিন দিন বাড়ছে, তাতে রাজ্যের কোষাগারের ওপর বিশাল চাপ তৈরি হচ্ছে।

