রামকৃষ্ণ মিশনের তিন সন্ন্যাসীকে নিয়ে স্বচ্ছতার বার্তা এসএসসিতে
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) খোলনলচে বদলে ফেলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য। সদ্য নিযুক্ত চেয়ারম্যান তথা প্রাক্তন মুখ্যসচিব আইএএস দুষ্মন্ত নারিয়ালা মঙ্গলবার বিদ্যাসাগর ভবনে এক হাইপ্রোফাইল সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। কমিশনের নতুন চার সদস্যকে পাশে বসিয়ে এ দিন তিনি শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসি-র অবস্থান ও ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করে দেন।কমিশনের প্রশাসনিক ও নৈতিক মানদণ্ডকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিতে এ বার যুক্ত করা হয়েছে শিক্ষাজগত ও আধ্যাত্মিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশনের তিন শীর্ষ প্রতিনিধি এবং আইআইএম কলকাতার এক খ্যাতনামা অধ্যাপক। এই অন্তর্ভুক্তি কমিশনের ভাবমূর্তি পুনরুদ্ধারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।নতুন সদস্যদের তালিকায় রয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো-চ্যান্সেলর তথা সচিব স্বামী আত্মপ্রিয়ানন্দ এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। তৃতীয় প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন বেলুড় মঠের ট্রাস্টি, মিশনের গভর্নিং বডির সদস্য এবং গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সচিব স্বামী তত্ত্বসারানন্দ। এ ছাড়া ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজিগত সিদ্ধান্তের জন্য বোর্ডে আনা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপের অধ্যাপক রাম্য তারাকাদ ভেঙ্কটেশ্বরনকে।চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা জানান, নতুন সদস্যদের অভিজ্ঞতা ও সততাকে পাথেয় করে আগামী দিনে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিহীন ও দ্রুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা যাতে কোনওভাবেই বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই এই নতুন বোর্ডের প্রধান অগ্রাধিকার।

