রাজ্য
প্রাক্তন মন্ত্রী সুজিত-ঘনিষ্ঠ সায়নের গ্রেপ্তারিতে চাঞ্চল্য
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: পুর দুর্নীতি মামলায় আগেই শ্রীঘরে গিয়েছেন রাজ্যের প্রাক্তন তৃণমূল মন্ত্রী সুজিত বসু। এবার বিধাননগরের একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সায়ন দে-কে। বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের (DD) একটি বিশেষ তদন্তকারী দল (SIT) সল্টলেকের সুকান্তনগর এলাকার বাসিন্দা সায়নকে হাতেনাতে পাকড়াও করে। প্রাক্তন মন্ত্রীর ছায়াসঙ্গীর এই গ্রেপ্তারিতে বিধাননগর ও সল্টলেক চত্বরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল জমানায় সুজিত বসুর ক্ষমতা থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে প্রথম সারিতে দেখা যেত সায়নকে। মন্ত্রীর ‘ডান হাত’ হিসেবেই এলাকায় পরিচিতি ছিল তাঁর। পুলিশ জানিয়েছে, সায়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জমি দখল, প্রোমোটারদের ভয় দেখিয়ে মোটা টাকা তোলাবাজি এবং টাকা নিয়েও ফ্ল্যাট না দেওয়ার মতো ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছিল। সম্প্রতি সল্টলেক ও বিধাননগর এলাকার প্রোমোটারদের ওপর চাপ সৃষ্টি করে টাকা আদায়ের একটি নির্দিষ্ট মামলার তদন্তে নেমে গোয়েন্দারা সায়নের যোগসূত্র খুঁজে পান।
তদন্তকারীদের দাবি, ধৃত সায়নের অপরাধের সাম্রাজ্য কেবল তোলাবাজিতেই সীমাবদ্ধ ছিল না। বিধাননগরের একটি নির্দিষ্ট গেস্ট হাউসকে আস্তানা বানিয়ে সে একটি বড়সড় নারী পাচার চক্র ও মধুচক্র চালাচ্ছিল বলে পুলিশের কাছে পোক্ত প্রমাণ এসেছে। এছাড়া সল্টলেক সংলগ্ন এলাকায় সরকারি জমি জবরদখল ও বিভিন্ন অসামাজিক কাজের পান্ডা ছিল এই সায়ন।
শুক্রবার ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। সায়নের এই বেআইনি কারবারে প্রাক্তন মন্ত্রীর আর কোনও প্রভাব কাজ করত কি না, কিংবা এই চক্রের পিছনে আর কোন কোন রাঘববোয়াল জড়িত রয়েছে, তা জানতে গোয়েন্দারা জেরা শুরু করেছেন।

