রাজ্য
তৃণমূল জামনার ১৬০০ সুপার নিউমেরারি পদের বিজ্ঞপ্তি প্রত্যাহার শুভেন্দু সরকারের
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের তৈরি করা ১ হাজার ৬০০টি সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। সরকারের এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের আইনি জটিলতায় থাকা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ বাতিল হয়ে গেল।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের মে এবং অক্টোবর মাসে তৎকালীন তৃণমূল সরকারের শিক্ষা দফতর উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) থেকে প্রার্থীদের চাকরি দিতে এই ১ হাজার ৬০০টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। এর মধ্যে কর্মশিক্ষার জন্য ৭৫০টি এবং শারীরশিক্ষার জন্য ৮৫০টি পদ নির্দিষ্ট করা হয়। তবে এই পদ তৈরির আইনি বৈধতা ও নিয়ম নীতি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। বিষয়টি নিয়ে জল গড়ায় আদালত পর্যন্ত। ২০২৩ সালে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ এই নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে এবং পরবর্তীতে বিজ্ঞপ্তি দুটি বাতিল করারও নির্দেশ দেওয়া হয়।
বুধবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, পূর্বতন সরকারের তৈরি করা ওই অতিরিক্ত শূন্যপদগুলির বিজ্ঞপ্তি বর্তমান রাজ্য সরকার ফিরিয়ে নিচ্ছে। সরকারের পক্ষে জানানো হয়, ওই সময়ে নিয়ম মেনে এই পদগুলি তৈরি করা হয়নি। ফলে একক বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবীরাও সরকারের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্যানেলে থেকেও নিয়োগের আশায় দিন গুনছিলেন, তাঁদের ভবিষ্যৎ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ল। রাজ্য সরকারের এই ঘোষণার পর আদালত এই সংক্রান্ত আইনি প্রক্রিয়া আপাতত বন্ধ করেছে।

