বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

মা তারা দর্শনে বড় বদল! ভক্তদের জন্য নিষিদ্ধ হচ্ছে স্পর্শ, এক ফুট নিচু হতে পারে গর্ভগৃহ

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
মা তারা দর্শনে বড় বদল! ভক্তদের জন্য নিষিদ্ধ হচ্ছে স্পর্শ, এক ফুট নিচু হতে পারে গর্ভগৃহ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ: দীর্ঘ দেড় দশকের অচলায়তন ভেঙে আমূল বদল এল তারাপীঠ মন্দির পরিচালন কমিটিতে। আর নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করতেই মা তারার দর্শন এবং পুজো দেওয়ার পদ্ধতিতে একগুচ্ছ বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। মন্দিরে আসা দূরদূরান্তের পুণ্যার্থীরা যাতে কোনো রকম হয়রানি বা সমস্যার মুখে না পড়েন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে এই সমস্ত সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো— আগামী দিনে আর কোনো ভক্তই গর্ভগৃহে ঢুকে মা তারার বিগ্রহ স্পর্শ করতে পারবেন না।

মন্দির কমিটি সূত্রে খবর, দীর্ঘ ১৫ বছর পর এবার তারাপীঠের মন্দির পরিচালন কমিটিতে রদবদল ঘটেছে। নতুন কমিটি দায়িত্ব নিয়েই ভক্তদের স্বাচ্ছন্দ্য ও মন্দিরের শৃঙ্খলা ফেরাতে কোমর বেঁধে নেমেছে। কমিটির নতুন নিয়ম অনুযায়ী, গর্ভগৃহে পুণ্যার্থীদের ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণ এবং বিগ্রহের সুরক্ষার কথা মাথায় রেখে মা তারাকে স্পর্শ করার দীর্ঘদিনের চেনা নিয়মে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
একই সঙ্গে, মন্দিরের তথাকথিত 'বিশেষ লাইন' বা ভিআইপি দর্শনের ক্ষেত্রেও রাশ টানতে চলেছে নতুন কমিটি। এবার থেকে বিশেষ লাইনে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের একটি নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হবে। এর ফলে সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না এবং সবাই দ্রুত ও সুষ্ঠুভাবে পুজো দিতে পারবেন।
পাশাপাশি, দূর থেকে আসা ভক্তদের সুবিধার জন্য আরও একটি নজিরবিহীন পরিকল্পনা হাতে নিয়েছে কমিটি। অনেক সময়ই ভিড়ের চাপে গর্ভগৃহের বাইরে থেকে দেবীমূর্তি ভালো করে দেখা যায় না। এই সমস্যার স্থায়ী সমাধানে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহটি বর্তমান উচ্চতা থেকে প্রায় এক ফুট নিচু করার চিন্তাভাবনা করা হচ্ছে। এর ফলে নাটমন্দির বা গর্ভগৃহের বাইরে চত্বরে দাঁড়িয়েও পুণ্যার্থীরা অত্যন্ত স্পষ্টভাবে দেবী প্রতিমা দর্শন করতে পারবেন।
কমিটির এই নতুন রূপরেখায় সাধারণ ভক্তদের একাংশ খুশি হলেও, স্পর্শ করার ওপর নিষেধাজ্ঞা নিয়ে সেবায়েত ও পুণ্যার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে প্রশাসনের আশা, এই সংস্কারের ফলে তারাপীঠের চেনা ভিড় ও বিশৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।