বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

তারাপীঠেও এবার ডিজিটাল কুপন চালু

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
তারাপীঠেও এবার ডিজিটাল কুপন চালু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের ধাঁচে এবার আমূল বদল আসতে চলেছে বাংলার অন্যতম সতীপীঠ তারাপীঠে। আগামী রবিবার থেকেই তারাপীঠ মন্দিরে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ভিআইপি লাইনে পুজো দেওয়ার ৫০০ টাকার কাগুজে কুপন। তার বদলে পুণ্যার্থীদের জন্য চালু করা হচ্ছে আধুনিক ডিজিটাল কুপন ব্যবস্থা। এখন থেকে দর্শনার্থীরা নির্দিষ্ট একটি মোবাইল অ্যাপের মাধ্যমেই ভিআইপি দর্শনের টিকিট বুক করতে পারবেন।

মঙ্গলবার সন্ধ্যায় রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, মহকুমা শাসক অশ্বিন বি রাঠোর এবং তারাপীঠ মন্দির কমিটির সভাপতি ও সদস্যদের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই ডিজিটাল কুপন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কালোবাজারি রুখতে এবং দর্শনার্থীদের সুবিধার্থেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই নতুন পরিষেবা ব্যবহারের প্রক্রিয়া অত্যন্ত সহজ। দর্শনার্থীদের প্রথমে নিজেদের স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর সেখানে নিজেদের নাম ও মোবাইল নম্বর নথিভুক্ত বা রেজিস্টার করতে হবে। সেই মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) দিয়ে অ্যাপে লগ-ইন করা যাবে। লগ-ইন করার পর অ্যাপের মাধ্যমে ৫০০ টাকা অনলাইন পেমেন্ট করলেই ডিজিটাল টিকিট চলে আসবে পুণ্যার্থীর মোবাইলে।
এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো, তারাপীঠে পৌঁছানোর আগেই হোটেল, দূরপাল্লার ট্রেন বা বাসে বসেই অনায়াসে এই টিকিট কেটে নেওয়া যাবে। লাইনে দাঁড়িয়ে কুপন কাটার ঝক্কি আর থাকবে না। মন্দিরে পৌঁছানোর পর ভিআইপি লাইনে থাকা প্রশাসন ও মন্দির কমিটির কর্মীরা পুণ্যার্থীদের মোবাইলের সেই ডিজিটাল টিকিটটি ভেরিফাই করবেন এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে গর্ভগৃহে প্রবেশ ও দর্শনের সুযোগ করে দেবেন। এই নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে তারাপীঠের পুজো দেওয়ার চেনা ছবিতে অনেকটাই স্বচ্ছতা আসবে বলে আশা করছে মন্দির কমিটি ও স্থানীয় প্রশাসন।