বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

তারাতলা বিপর্যয়: মৃত ১১, গ্রেফতার মূল অভিযুক্ত

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
তারাতলা বিপর্যয়: মৃত ১১, গ্রেফতার মূল অভিযুক্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় ভেঙে পড়া গুদামের শেডের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। সেনা জওয়ান, এনডিআরএফ (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (DMG), কলকাতা পুলিশ এবং দমকলের যৌথ দল গতকাল থেকেই উদ্ধারকাজ চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ধ্বংসস্তূপের তলা থেকে মোট ৩১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকদের প্রত্যেককেই তড়িঘড়ি এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের মধ্যে ১১ জনকে ইতিমধ্যেই মৃত বলে ঘোষণা করা হয়েছে।

আজ, বৃহস্পতিবার সকালে নতুন করে ধ্বংসস্তূপ থেকে পাঁচ জনকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। তবে প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন। তাঁদের খোঁজে এবং কংক্রিটের চাঁই সরাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে সেনাবাহিনী। নিখোঁজদের দ্রুত খুঁজে বার করতে তল্লাশিতে গতি আনা হয়েছে। অন্যদিকে, দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন এই গুদাম তৈরির বরাত পাওয়া ঠিকাদার আসগার হুসেইন। বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপের তলা থেকে তাঁর নিথর দেহই উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ঠিকাদারের এই পরিণতিতে ক্ষোভ ও শোকের আবহ এলাকায়।
এদিকে ঘটনার তদন্তে নেমে বড়সড় পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। কলকাতা পোর্ট ট্রাস্টের কাছ থেকে এই জমিটি গুদাম তৈরির জন্য লিজ নিয়েছিলেন শম্ভুনাথ বেহেরা। দুর্ঘটনার পরেই পুলিশ শম্ভুনাথকে গ্রেফতার করেছে। পাশাপাশি গাফিলতির অভিযোগে পুলিশ আরও চার জনকে গ্রেফতার করেছে। বেআইনি নির্মাণ বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই বিপর্যয় কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার আসল কারণ জানার চেষ্টা চলছে। দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। গোটা তারাতলা জুড়েই এখন শুধুই স্বজনহারাদের কান্না আর শোকের পরিবেশ।