রাজ্য
দীর্ঘ ২০ বছরের নির্বাসন পার, কলকাতায় ফিরছেন তসলিমা
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বদলের বাংলায় সংস্কৃতি জগতে এক বড়সড় ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ২০ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে 'মুক্ত' বাংলায় পা রাখছেন বিশিষ্ট এবং বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি ও সাহিত্যিকদের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে নিজের লেখা কবিতা পাঠও করার কথা রয়েছে তাঁর। ফেসবুক পোস্টে এই খবর লেখিকা নিজেই নিশ্চিত করেছেন।
২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে এক উত্তাল পরিস্থিতির মধ্যে কলকাতা থেকে কার্যত বিতাড়িত হতে হয়েছিল তসলিমা নাসরিনকে। তারপর থেকে তিলোত্তমার মাটি তাঁর জন্য ছিল নিষিদ্ধ। দীর্ঘ দুই দশক পর সেই বাম আমলের ঘোর কাটিয়ে আবারও কলকাতার চেনা রাজপথে পা রাখবেন তিনি। তসলিমার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলার সাহিত্য ও সংস্কৃতি মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
জানা গিয়েছে, রবীন্দ্রসদনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রশাসন সূত্রে খবর, লেখিকার এই সফরকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তার জন্য সবরকম আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নতুন সরকারের এই উদার সাংস্কৃতিক মনোভাবের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন। তসলিমা নিজেও কলকাতায় ফেরার এই সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাক-স্বাধীনতার লড়াইয়ে এই ঘটনাকে একটি বড় জয় হিসেবে দেখছেন দুই বাংলার প্রগতিশীল মানুষ।

