রাজ্য
শিল্প দপ্তরের দায়িত্ব নিয়েই টাটাকে রাজ্যে ফেরানোর বড় আশ্বাস মন্ত্রী তাপসের
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের নতুন শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পেয়েই রাজ্যে বড়সড় বিনিয়োগের ইঙ্গিত দিলেন তাপস রায়। দায়িত্ব নেওয়ার পরেই তিনি স্পষ্ট করে দেন, তাঁর প্রধান লক্ষ্য হলো রাজ্যকে শিল্পবান্ধব করে তোলা এবং চলে যাওয়া বড় শিল্পগোষ্ঠীগুলোকে বাংলায় ফিরিয়ে আনা। আর এই তালিকায় তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন টাটা গোষ্ঠীর নাম। মন্ত্রীর এই আশ্বাসে দীর্ঘ বছর পর নতুন করে আশার আলো দেখছেন সিঙ্গুরের মানুষ।
দপ্তরের কার্যভার হাতে নিয়ে মন্ত্রী তাপস রায় জানান, তাঁর মূল কাজ হবে নতুন বিনিয়োগকারীদের পশ্চিমবঙ্গমুখী করা। তিনি বলেন, বিগত দিনে বিভিন্ন কারণে যেসব নামী বিনিয়োগকারী রাজ্য ছেড়ে চলে গিয়েছে, তাদের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করা হবে।
টাটা গোষ্ঠীকে রাজ্যে ফেরানোর বিষয়ে তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিলেও, টাটারা পুনরায় সিঙ্গুরেই বিনিয়োগ করবে কি না, সেই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাননি। তবে সিঙ্গুর বা রাজ্যের অন্য কোথাও টাটাদের ফেরা সম্ভব হলে, তা যে বাংলার শিল্পচিত্রে বড় বদল আনবে, তা স্পষ্ট।
মন্ত্রীর এই মন্তব্যের পর সিঙ্গুরের সাধারণ মানুষ ও স্থানীয় মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। একদা টাটাদের ন্যানো গাড়ি কারখানাকে কেন্দ্র করে যে সিঙ্গুর জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল, সেখানকার বাসিন্দারা এখন আবার নতুন কোনো কলকারখানা ও কর্মসংস্থানের স্বপ্ন দেখতে শুরু করেছেন।
শিল্পায়নের এই বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে নতুন মন্ত্রী যেভাবে কোমর বেঁধে নামার বার্তা দিয়েছেন, তাতে রাজ্যের শিল্প মহলেও এক ইতিবাচক বার্তা গিয়েছে। এখন দেখার, সরকারের এই সদিচ্ছায় সাড়া দিয়ে টাটা গোষ্ঠী বাংলায় পুনরাই বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেয় কি না।

