তৃণমূল ভাঙনের মেগা অপারেশন! তৎপর শুভেন্দু
নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের চূড়ান্ত কাউন্টডাউন শুরু হয়ে গেল দেশের রাজধানী নয়াদিল্লিতে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার ১৫ জুন, তৃণমূলের লোকসভার ১৯ জন বিদ্রোহী সাংসদ আনুষ্ঠানিকভাবে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে চলেছেন। স্পিকারের কাছে তাঁদের মূল দাবি হবে— লোকসভায় এনডিএ (NDA)-র অধীনে একটি সম্পূর্ণ পৃথক রাজনৈতিক ব্লক বা গোষ্ঠী গঠন করা।
এই মেগা রাজনৈতিক অপারেশনের অংশ হিসেবে সোমবারের ঠিক আগের রাতে অর্থাৎ রবিবার, তৃণমূলের প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দিল্লির বাসভবনে বিদ্রোহীদের একটি হাই-প্রোফাইল বৈঠক ডাকা হয়েছে। বর্তমানে অসন্তুষ্ট সাংসদের সংখ্যা ১৯ হলেও, দলত্যাগ বিরোধী আইন এড়াতে এবং নিজেদের অবস্থান আরও মজবুত করতে এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে পর্দার আড়াল থেকে।
এই গোটা ডামাডোলের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সপ্তাহান্তেই নয়াদিল্লি পৌঁছনো। এর আগে যখন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে এবং রাতে তারকা সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের গোপন বৈঠক হয়েছিল, সেই দু’টিতেই সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশিত ‘অপারেশন লোটাস’-এর মূল সমন্বয়কারী ও কান্ডারি হিসেবে পর্দার আড়ালে থেকে ঘুঁটি চালছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
সোমবার স্পিকারের গ্রিন সিগন্যাল মিললে সংসদের অন্দরে তৃণমূলের শক্তি যে একধাক্কায় অনেকটাই কমে যাবে, তা বলাই বাহুল্য। এর ফলে দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও বড়সড় ওলটপালট হতে পারে বলে মনে করছে রাজনৈতিক শিবির।

