রাজ্য
অস্তিত্ব বাঁচাতে কি এবার কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে তৃণমূল?
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক অস্তিত্ব কি চরম সংকটে? জাতীয় রাজনীতিতে এখন এই একটি প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। বিধানসভায় একের পর এক বিদ্রোহী বিধায়কের দলত্যাগ, লোকসভা নির্বাচনে ধারাবাহিক শক্তিক্ষয় এবং রাজ্যসভাতেও ধাক্কা—সব মিলিয়ে দিল্লির রাজনৈতিক অলিন্দে এখন তৃণমূল কংগ্রেসকে ‘ডুবন্ত টাইটানিক’ বলে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধীরা। দীর্ঘ ১৫ বছর দাপটের সঙ্গে রাজত্ব করার পর, দল বাঁচানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে।
এই চরম রাজনৈতিক সংকটের পরিস্থিতিতে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী পদক্ষেপ করবেন, তা নিয়ে দেশজুড়ে চলছে জোর চর্চা। এর মাঝেই দিল্লির দরবারে নতুন এক জল্পনা তীব্র হয়েছে। প্রশ্ন উঠছে, কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস কি নিজের অস্তিত্ব রক্ষায় আবার মূল দল অর্থাৎ জাতীয় কংগ্রেসের সঙ্গেই মিশে যাবে?
সম্প্রতি কংগ্রেসের শীর্ষনেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক ও ‘গোপন আলোচনা’ এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যেভাবে দলের অন্দরে অসন্তোষ বাড়ছে এবং একের পর এক নির্বাচনে আসন কমছে, তাতে সর্বভারতীয় স্তরে নিজেদের প্রাসঙ্গিক রাখতে কংগ্রেসের হাত ধরা ছাড়া মমতার কাছে বিকল্প রাস্তা কম। তবে এই সংযুক্তিকরণ বা জোটের সমীকরণ কোন দিকে ঘোরে, এবং তৃণমূল নিজের আলাদা পরিচয় বজায় রাখতে পারে কি না, সেটাই এখন দেখার।

