রাজ্য
উত্তরবঙ্গে আসছেন শুভেন্দু, প্রকল্প ঘোষণার ইঙ্গিত?
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২১ আগস্ট উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর ঠিক মুখে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই সফরে একাধিক নতুন ও বড়সড় উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার আলিপুরদুয়ারে এক সাংবাদিক বৈঠকে এই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়।
মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর এই সফরসূচি ও উত্তরবঙ্গের জন্য বিশেষ উপহারের তালিকা চূড়ান্ত করতে বুধবার একটি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই সিলমোহর পড়বে যাবতীয় পরিকল্পনায়। বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের মানুষের জন্য বিজেপির ইস্তাহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল উত্তরবঙ্গে একটি ‘এইমস’ (AIIMS) এবং একটি ‘আইআইটি’ (IIT) স্থাপন করা। রাজনৈতিক মহলের ধারণা, এবারের সফরে সেই দীর্ঘদিনের দাবি পূরণে বড় কোনো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা জলপাইগুড়ি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এবং নতুন সুযোগ-সুবিধার বিষয়েও উত্তরবঙ্গবাসী বড় উপহার পেতে চলেছেন বলে সরকারি সূত্রে খবর। উত্তরবঙ্গের চা বলয় এবং আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য নারী ও শিশুকল্যাণ দপ্তরের তরফ থেকেও কিছু বিশেষ প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। বুধবারের ক্যাবিনেট বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে মন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। লোকসভা ও বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির পারফরম্যান্স বরাবরই ভালো। তাই পুজোর আগে উত্তরের জেলাগুলির আবেগকে ছুঁতে উন্নয়নকেই মূল হাতিয়ার করতে চাইছে বর্তমান সরকার। এখন দেখার, বুধবারের বৈঠকের পর উত্তরবঙ্গের ঝুলিতে ঠিক কী কী বড় উপহার আসে।

