রাজ্য
রাজ্যে জোড়া বিমা প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে এক নতুন স্বাস্থ্য অধ্যায়ের সূচনা করে অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হল কেন্দ্রের 'আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'। একই সঙ্গে রাজ্যে সূচনা হল 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা'রও। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'আয়ুষ্মান দিবস' উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানমঞ্চ থেকে বেশ কিছু মানুষের হাতে এই প্রকল্পের কার্ডও তুলে দেওয়া হয়।
উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, পূর্ববর্তী সরকারের চালু করা 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের আওতায় অনেক জটিল রোগের চিকিৎসা হত না। কিন্তু নতুন এই ব্যবস্থাপনায় রোগীরা হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো অত্যন্ত ব্যয়বহুল অস্ত্রোপচারও সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের গরিব ও মধ্যবিত্ত মানুষদের চিকিৎসার অভাব দূর করতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত।” এর ফলে রোগীরা দেশের প্রায় ৩৮ হাজার হাসপাতালে বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গের মোট ১ কোটি ৪৩ লক্ষ পরিবার অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের সরাসরি সুবিধা পাবেন। তবে এখানেই শেষ নয়। কেন্দ্রের এই বিমা যোজনার তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের জন্যও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত এমন অবশিষ্ট ৮০ লক্ষ পরিবারকে 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা'র আওতায় নিয়ে আসা হবে। ফলে রাজ্যের প্রতিটি পরিবারই কোনও না কোনও স্বাস্থ্যবিমার সুরক্ষাকবচ পেয়ে যাচ্ছেন।
ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে নতুন সরকারের ৯৯ তম দিনে এই জোড়া স্বাস্থ্য প্রকল্পের সূচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন এই ব্যবস্থার মাধ্যমে চিকিৎসার জন্য সাধারণ মানুষের পকেটের টান অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

