বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

সব জল্পনার অবসান, অনুদান সঙ্গে বিদ্যুতের বিলে ১০০ শতাংশ ছাড় 

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬
সব জল্পনার অবসান, অনুদান সঙ্গে বিদ্যুতের বিলে ১০০ শতাংশ ছাড় 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দীর্ঘ উৎকণ্ঠা আর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের নতুন পুজো-নীতির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মে মাসে রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই রাজ্য জুড়ে ছোট-বড় সব পুজো উদ্যোক্তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল— বিগত সরকারের দেওয়া উৎসবের আর্থিক অনুদান কি জারি থাকবে? সোমবার আলিপুরের মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত দুর্গাপুজোর সমন্বয় বৈঠক থেকে সেই সব আশঙ্কার মেঘ কাটালেন মুখ্যমন্ত্রী। তবে বিগত সরকারের জমানার তুলনায় অনুদানের অঙ্ক সামান্য কমলেও, পুজো কমিটিগুলির জন্য বড়সড় বিদ্যুতের বিল মকুবের বড় দাওয়াই ঘোষণা করেছে নতুন সরকার।

সোমবারের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের পুজো কমিটিগুলিকে এবার সরকারের তরফ থেকে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। বিগত বছরগুলিতে এই অনুদানের পরিমাণ ছিল ১ লক্ষ ১০ হাজার টাকা। সেই তুলনায় এবার নগদ টাকা ১০ হাজার কমলেও, পুজো কমিটিগুলির মুখে চওড়া হাসি ফুটিয়েছে অন্য একটি উপহার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবার পুজো মণ্ডপগুলির বিদ্যুতের বিল পুরোপুরি অর্থাৎ ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। এর পাশাপাশি দমকল ও পুরসভার যাবতীয় ফি-ও মকুব করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তবে এই অনুদান নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক নয় জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে এটা অপশনাল (ঐচ্ছিক) রাখলাম।” অর্থাৎ কোনও পুজো কমিটি যদি মনে করে তারা এই অনুদান নেবে না, তবে তারা তা ফিরিয়ে দিতে পারে।বিগত কয়েক বছর ধরে পাড়ার পুজো থেকে শুরু করে বারোয়ারি পুজোগুলি এই সরকারি অনুদানের ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছিল। তাই নতুন সরকার আসার পর রাজ্য কোষাগারের হাল খতিয়ে দেখে অনুদান বন্ধ হওয়ার একটা প্রচ্ছন্ন আশঙ্কা তৈরি হয়েছিল পুজো অলিন্দে। এদিনের ঘোষণার পর বড় বাজেটের পুজোর পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলছে শহর ও শহরতলির মাঝারি ও ছোট বাজেটের পুজো কমিটিগুলি।