দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! কাঠগড়াতে অভিষেক
নিজস্ব প্রতিনিধি: দিল্লির বহুল চর্চিত আবগারি দুর্নীতির পর এবার বড়সড় মদ কেলেঙ্কারির অভিযোগ উঠল পশ্চিমবঙ্গেও। তৃণমূল জমানায় রাজ্যের আবগারি নীতিতে রাতারাতি বদল ঘটিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির এই অভিযোগে এবার সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
বিজেপি নেতৃত্বের দাবি, এই কেলেঙ্কারির নেপথ্যে এক সুগভীর ষড়যন্ত্র রয়েছে এবং এর নিরপেক্ষ তদন্ত করে সমস্ত সত্য সাধারণ মানুষের সামনে আনা হবে।
ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। অভিযোগ, সেই সময় তদানীন্তন তৃণমূল সরকারের জমানায় আবগারি নীতিতে বড়সড় পরিবর্তন আনা হয়। বেসরকারি পাইকারি বিক্রেতাদের ক্ষমতা খর্ব করে সরকারি একচেটিয়া বাজার তৈরি করতে গঠন করা হয় 'ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন' (WBSBCL)।
বিরোধী শিবিরের অভিযোগ, এই নতুন আবগারি নীতি তৈরিই করা হয়েছিল নির্দিষ্ট কিছু মানুষকে অন্যায্য সুবিধা পাইয়ে দিতে এবং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকার বেনামী লেনদেন সরাসরি তৃণমূলের শীর্ষ তহবিলে পৌঁছে যেত।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই কেলেঙ্কারিতে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই নন, দক্ষিণ ২৪ পরগনার ফলতার প্রাক্তন তৃণমূল বিধায়ক জাহাঙ্গির খানও ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। অভিযোগ উঠেছে, একটি বড় সংস্থাকে চাপ দিতে এবং জোরপূর্বক তোলা আদায় করতে জাহাঙ্গির খান তাঁর এলাকায় ওই সংস্থার বটলিং প্ল্যান্টও বন্ধ করে রেখেছিলেন।

