শিক্ষা ক্ষেত্রে দুরবস্থার প্রতিবাদে জ্বলছে ফ্রান্স, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, কার্ফু জারি
নিজস্ব প্রতিনিধি: স্কুল-শিক্ষার চরম দুরবস্থা এবং সরকারের একাধিক নীতির প্রতিবাদে এই মুহূর্তে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি ফ্রান্সে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দেশের রাজপথে নেমে এসেছেন লক্ষ লক্ষ মানুষ। রাজধানী প্যারিস থেকে শুরু করে লিয়ঁ বা মার্সেই— দেশের বিভিন্ন বড় শহরে বিক্ষোভকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে তীব্র অশান্তি। বিভিন্ন জায়গায় ভাঙচুর ও দোকানপাটে লুটপাটের মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু এলাকায় আংশিক কার্ফু জারির পাশাপাশি গণ-জমায়েতের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ফরাসি প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও ক্ষোভের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারের বর্তমান শিক্ষানীতি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে ইতিমধ্যেই দেশজুড়ে ৮ লক্ষেরও বেশি মানুষ প্রতিবাদে শামিল হয়েছেন। গত সপ্তাহের শেষ দিকে প্যারিসসহ একাধিক প্রধান শহরে বিক্ষোভকারীরা পুলিশের মুখোমুখি হলে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি ও কাঁদানে গ্যাস ব্যবহার করলে দু'পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এই হিংসাত্মক পরিস্থিতির জেরে দেশজুড়ে অন্তত ২ হাজার ৪০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংঘর্ষের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলেও অভিযোগ। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৩ হাজার দোকান ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে এবং বহু দোকানে লুটপাট করা হয়েছে। রাস্তাঘাটে বহু গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। ক্রমবর্ধমান এই অভ্যন্তরীণ অশান্তি ও হিংসা রুখতে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক দেশের স্পর্শকাতর এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে এবং কড়া বিধিনিষেধ জারি করার পথে হাঁটছে। সব মিলিয়ে, একবিংশ শতকের অন্যতম বড় নাগরিক বিক্ষোভের মুখে পড়ে এই মুহূর্তে চরম সংকটে ফরাসি প্রশাসন।
প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর নির্দেশে একাধিক শহরে রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কার্ফু কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বাস্তিল স্কোয়ার-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে বিক্ষোভ ও জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

