ইরানে হামলার সিদ্ধান্তই ব্যুমেরাং, হারের পর মেনে নিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিনিধিঃ ইরানে সামরিক হামলার হঠকারী সিদ্ধান্তই শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে এল হোয়াইট হাউসের অন্দরে। আমেরিকার বহু প্রতীক্ষিত মিড-টার্ম (মধ্যবর্তী) নির্বাচনে শাসকদল রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবির পর অবশেষে নিজের ভুল স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস—দু’টিই ট্রাম্পের দলের হাতছাড়া হয়েছে। এহেন চরম বিপর্যয়ের পর ট্রাম্প স্বয়ং এবং রিপাবলিকান পার্টির শীর্ষ নেতৃত্ব একযোগে এই হারের জন্য ইরান যুদ্ধকে দায়ী করছেন। তবে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, যুদ্ধের সূচনা যখন আমেরিকা ও ইজরায়েলের তরফ থেকেই হয়েছিল, তখন পরিস্থিতি সামাল দেওয়ার কোনো কূটনৈতিক চেষ্টা কেন করা হলো না?
বুধবার নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই আমেরিকার বিখ্যাত সংবাদমাধ্যম 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর তরফে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। সেখানে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ট্রাম্প বলেন, “আমার মনে হয় এই বিপর্যয়ের পিছনে অনেকগুলো কারণ জড়িয়ে ছিল। ইরান যুদ্ধ অবশ্যই তার মধ্যে একটা বড় কারণ। তাছাড়া যুদ্ধের জেরে দেশে তেল এবং গ্যাসের দাম যেভাবে আকাশছোঁয়া হয়েছে, সেই বিষয়টা আমজনতা মোটেই ভালোভাবে নেয়নি।” অবশ্য হারের দায় নিজের কাঁধ থেকে কিছুটা ঝেড়ে ফেলার ভঙ্গিতে ট্রাম্প আরও যোগ করেন, “ব্যালট পেপারে তো আমার মুখ বা নাম ছিল না, তাই মানুষ সেভাবে ভোট দেয়নি।”
রিপাবলিকান শিবিরের এই ঐতিহাসিক পরাজয় সত্ত্বেও ট্রাম্প অবশ্য নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জানিয়েছেন যে, এই হার নিয়ে তিনি বিন্দুমাত্র ভাবিত নন। এমনকি তড়িঘড়ি মার্কিন প্রশাসনে বড়সড় কোনও রদবদল আনার কথাও তিনি ভাবছেন না বলে স্পষ্ট করে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ জিইয়ে রেখে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে সংকটে ফেলার যে মাশুল রিপাবলিকানদের দিতে হলো, তা ট্রাম্পের দ্বিতীয় দফার মেয়াদের ভবিষ্যৎকেও বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।

