মক্কায় যুগলের মৃত্যুদণ্ড, রিয়াদের জবাব চায় ঢাকা
নিজস্ব প্রতিনিধি: পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ঘনিষ্ঠ হওয়া বা অনৈতিক কাজের অপরাধে এক বাংলাদেশি তরুণ ও তরুণীকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব প্রশাসন। শরিয়া আইন অনুযায়ী পবিত্র ধর্মীয় স্থানে এমন আচরণ গুরুতর অপরাধ। এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার পরেই সৌদি প্রশাসনের কাছে এই বিষয়ে কড়া জবাব তলব করেছে বাংলাদেশ সরকার। তবে রিয়াদের পক্ষ থেকে এখনও কোনও উত্তর আসেনি বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শহিদুল করিম।
এই চরম শাস্তির খবর দেশে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে টাঙ্গাইলের বাসিন্দা, মৃত তরুণী সুইটি আক্তারের (২৫) পরিবার। পেশায় দিনমজুর বাবা ফজল মিয়া মেয়ের আকস্মিক মৃত্যুর খবরে সম্পূর্ণ বিপর্যস্ত। তিনি জানান, প্রায় চার বছর আগে অনেক ধার-দেনা করে মেয়েকে উপার্জনের আশায় সৌদি আরবে পাঠিয়েছিলেন। কয়েকমাস আগে ফোন মারফত তিনি জানতে পারেন যে, সুইটিকে সে দেশের পুলিশ গ্রেফতার করেছে। পরিবারের আশা ছিল, কয়েক মাসের মধ্যেই হয়তো মেয়ে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসবে। কিন্তু আচমকাই মেয়ের ফাঁসি হওয়ার খবর তাঁদের সব স্বপ্ন চুরমার করে দিল। মাটি কেটে এবং ভ্যান চালিয়ে এখনও মেয়ের বিদেশ যাওয়ার সেই ঋণ শোধ করার চেষ্টা চালাচ্ছেন এই অসহায় বাবা।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পবিত্র মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজ করার অভিযোগে নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও আদালতের বিচার প্রক্রিয়ার পর গত ১৪ অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে দোষী সাব্যস্ত এই দুই নাগরিক আদতে বিবাহিত দম্পতি ছিলেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঢাকার তরফে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাসকে কিছুই জানায়নি সৌদি প্রশাসন। পুরো ঘটনার সবিস্তার ব্যাখ্যা ও আদালতের রায়ের প্রতিলিপি চেয়ে পাঠিয়েছে বাংলাদেশ বিদেশ মন্ত্রক।

