দেশ
এবার টাকা দিয়ে কিনতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ‘প্লাস’ সংস্করণ
প্রকাশিত: ২৯ মে, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য বড় খবর নিয়ে এল টেক জায়ান্ট মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলি ব্যবহার করার অভিজ্ঞতা এবার পুরোপুরি বদলে যেতে চলেছে। মেটা সংস্থা তাদের এই তিনটি প্রধান অ্যাপের জন্য পেইড বা প্রিমিয়াম ‘প্লাস’ সংস্করণ চালুর ঘোষণা করেছে। মেটার হেড অব প্রোডাক্ট নাওমি গ্লেইট বুধবার বিশ্বজুড়ে এই নতুন পেইড পরিষেবা চালু করার কথা জানান।
এতদিন পর্যন্ত সাধারণ মানুষ ফ্রিতেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ব্যবহার করে আসছিলেন। কিন্তু মেটার নতুন সিদ্ধান্তের ফলে এবার বাজারে আসতে চলেছে ‘ফেসবুক প্লাস’, ‘ইনস্টাগ্রাম প্লাস’ এবং ‘হোয়াটসঅ্যাপ প্লাস’। এটি আসলে মেটার একটি বিশেষ পেইড সাবস্ক্রিপশন প্ল্যান, যার মাধ্যমে টাকা দিয়ে অ্যাকাউন্ট ব্যবহার করলে মিলবে একাধিক আকর্ষণীয় ও প্রিমিয়াম ফিচার। মেটা জানিয়েছে, যে সমস্ত ফিচার সাধারণ ফ্রি সংস্করণে পাওয়া যাবে না, সেই এক্সক্লুসিভ ফিচারগুলি উপভোগ করতে পারবেন প্লাস ব্যবহারকারীরা। উদাহরণস্বরূপ, স্টোরি কে কতবার দেখল তা জানা, উন্নত অ্যানালিটিক্স, কাস্টম থিম ও বিশেষ প্রিমিয়াম স্টিকারের মতো সুবিধা এই পেইড সংস্করণে যুক্ত হতে চলেছে।
এই নতুন প্রিমিয়াম পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের পকেট থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হবে। নাওমি গ্লেইটের ঘোষণা অনুযায়ী, ফেসবুক প্লাস এবং ইনস্টাগ্রাম প্লাসের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে প্রতি মাসে ৩.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় হিসাব করলে এই খরচের পরিমাণ দাঁড়ায় প্রতি মাসে প্রায় ৩৮০ টাকার কাছাকাছি। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ প্লাসের খরচ কিছুটা কম রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিশেষ প্রিমিয়াম ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের দিতে হবে মাসে ২.৯৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮৫ টাকার সমান।
টাকা দিয়ে অ্যাপ ব্যবহারের খবরটি সামনে আসতেই সাধারণ ব্যবহারকারীদের মনে বড় প্রশ্ন জেগেছে যে, তবে কি ফ্রি অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে? মেটা ব্যবহারকারীদের আশ্বস্ত করে জানিয়েছে যে, এখনই সাধারণ ফ্রি ভার্সন বা সংস্করণগুলি বন্ধ হচ্ছে না। যাঁরা টাকা খরচ করতে চান না, তাঁরা আগের মতোই বিনামূল্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে উন্নত যোগাযোগ, আকর্ষণীয় রিলস, স্টোরি এবং বাড়তি সুবিধা পেতে গেলে এই প্লাস প্ল্যানটি নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞাপন থেকে উপার্জনের পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি করতেই মেটা এই বিশ্বব্যাপী পেইড সাবস্ক্রিপশন মডেলের পথে হেঁটেছে। আসলে সাম্প্রতিককালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বিপুল লগ্নি করেছে মার্ক জুকেরবার্গের সংস্থা। বিপুল ব্যয়ে তৈরি হয়েছে ডেটা সেন্টার। সেই খরচ তুলতেই এই ভাবনা বলে মনে করা হচ্ছে।

