পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে উধাও কোটি কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালের সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরে এল? নীরব মোদী ও মেহুল চোক্সীদের প্রায় ১৪ হাজার কোটি টাকার সেই ঐতিহাসিক কেলেঙ্কারির ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের বড়সড় আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) বিরুদ্ধে। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের নয়ডা।
ব্যাঙ্কের নয়ডা শাখার একাদিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তাঁদের অজান্তেই গায়েব হয়ে গিয়েছে কোটি কোটি টাকা। প্রাথমিক অভিযোগ অনুযায়ী, জালিয়াতির অঙ্ক প্রায় ৩৫ কোটি টাকা ছুঁয়েছে। সাধারণ মধ্যবিত্ত মানুষের ফিক্সড ডিপোজিট (এফডি) এবং সেভিংস অ্যাকাউন্টে তিল তিল করে জমানো লক্ষ লক্ষ টাকা নিমেষের মধ্যে উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ।
সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন হলে গ্রাহকদের মোবাইল ফোনে তৎক্ষণাৎ নোটিফিকেশন আসে। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে সুরক্ষাবিধির সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কোনওরকম অনুমোদন তাঁরা দেননি। অথচ, পাসবই আপডেট করতে গিয়ে দেখা যায়, অ্যাকাউন্টের টাকা অস্বাভাবিক হারে কমে গিয়েছে। কোনও কোনও গ্রাহকের দাবি, তাঁদের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার আগেই তা গোপনে ভেঙে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া হয়েছে। এক হতভাগ্য গ্রাহক জানান, তাঁর অ্যাকাউন্টে থাকা ৯৪ লক্ষ টাকার মধ্যে এখন পড়ে রয়েছে মাত্র ১৬ হাজার টাকা!
গ্রাহকদের মোবাইল ফোনে কেন কোনও সতর্কবার্তা বা নোটিফিকেশন গেল না, তা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যাঙ্কের ভিতরেরই কোনও কর্মকর্তা বা কর্মীর যোগসাজশ ছাড়া এই ধরনের জালিয়াতি অসম্ভব। গ্রাহকদের সই জাল করে বা অভ্যন্তরীণ সিস্টেমের অপব্যবহার করে এই টাকা সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই প্রায় ১৬ জন গ্রাহক এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনার গুরুত্ব বিচার করে নয়ডা শাখার ম্যানেজার সহ একাধিক আধিকারিককে তদন্তের আওতায় আনা হয়েছে। গোটা ঘটনার পিছনে কোনও বড়সড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে উৎসবের মরসুমে নিজেদের জমানো মূলধন হারিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটছে ব্যাঙ্কটির বহু গ্রাহকের।

