দেশ
ডিসেম্বরেই দেশে ফিরছেন হাসিনা? ‘জোড়া শর্ত’ ঘিরে জল্পনা তুঙ্গে
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: সম্ভবত আগামী ডিসেম্বরেই নিজের দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্রের রাজনীতি। কিন্তু প্রশ্ন উঠছে, নয়াদিল্লি কি সত্যিই মুজিবকন্যাকে ঢাকার হাতে তুলে দেবে? এই আবহেই বিবিসি বাংলা-সহ বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকার সামনে দু’টি বিশেষ শর্ত রেখেছে ভারত।
সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, নয়াদিল্লির প্রথম শর্ত হল, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। ২০২৪ সালের ৫ অগস্ট গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে চেপেই ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। তাই তাঁকে ফেরত পাঠানোর ক্ষেত্রেও সেই একই প্রক্রিয়া অনুসরণ করতে চায় ভারত। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে দিল্লিতে সামরিক বিমান পাঠিয়ে তাঁর প্রত্যর্পণ সম্পন্ন হতে পারে।
নয়াদিল্লির দ্বিতীয় শর্তটি মূলত আইনি সুরক্ষা সংক্রান্ত। ভারতের তরফে দাবি করা হচ্ছে, দেশে ফেরার পর শেখ হাসিনাকে তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পূর্ণ সুযোগ দিতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের নতুন করে এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া শুরু করার নিশ্চয়তা দিতে হবে ঢাকাকে।
উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান সরকারের তরফে বারবার হাসিনাকে ফেরত চাওয়া হলেও ভারত এতদিন ‘ধীরে চলো’ নীতি নিয়েছিল। যদিও শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই দুই শর্ত নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করে জানিয়েছেন, প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি এবং সেই অনুযায়ীই পদক্ষেপ করা হবে। কূটনৈতিক মহলের মতে, যদি এই দুই শর্তে ঢাকা রাজি হয়, তবেই আগামী ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার পথ প্রশস্ত হতে পারে।

