'ধর্মান্তকরণ রুখে সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে হবে’, আদিবাসীদের বার্তা জগন্নাথের
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি ধর্মান্তকরণ রুখতে কড়া বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রবিবার আদিবাসী জননায়ক বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষ্যে বীরভূমের রাজনগরের ডাকবাংলো মাঠে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। এদিন বীরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গোটা বীরভূম জেলা জুড়ে মহাসমারোহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার রাজনগরের ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আদিবাসী সমাজের স্বকীয়তা বজায় রাখার ওপর জোর দেন। তাঁর বক্তব্যে উঠে আসে আদিবাসীদের দীর্ঘদিনের ঐতিহ্য, ভাষা এবং আচার-আচরণ সংরক্ষণের কথা। তিনি স্পষ্ট জানান, কোনো প্রলোভনে পা দিয়ে যাতে আদিবাসীরা নিজেদের মূল শিকড় থেকে বিচ্ছিন্ন না হন, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। ধর্মান্তকরণের মতো প্রবণতা রুখে দিয়ে আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আঁকড়ে ধরে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।
এদিন বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ির ভূমিদপ্তরের কার্যালয়ে মূল সরকারি অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। পাশাপাশি রাজনগর, সিউড়ি ১ নম্বর ব্লক-সহ জেলার একাধিক ব্লকে দিনভর নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি পালিত হয়। এই অনুষ্ঠানগুলি থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়।
এছাড়াও, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে আদিবাসী মানুষজনকে বিস্তারিতভাবে সচেতন করা হয় এদিনের মঞ্চ থেকে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি প্রকল্পগুলির লাভ কীভাবে তাঁরা সরাসরি পেতে পারেন, তা নিয়েও আলোচনা করেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

