ভাগীরথীর ঘাটে গড়িয়ে নামল চালকবিহীন টোটো, ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ার
নিজস্ব প্রতিনিধিঃ ভাগীরথীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সদরঘাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম জবারানি সাহা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে স্বামী সুকুমার সাহার সঙ্গে ভাগীরথীতে স্নান সেরে পুজো দিতে গিয়েছিলেন জবারানি। স্নান সেরে ঘাটের ধারে দাঁড়িয়ে ভেজা পোশাক বদলাচ্ছিলেন তিনি। সেই সময়েই বিপত্তি ঘটে। নদীর পাড়ে দাঁড় করানো একটি ফাঁকা টোটো আচমকা ঢাল বেয়ে গড়িয়ে ঘাটের দিকে নেমে আসতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই টোটোটি সজোরে জবারানিকে ধাক্কা মারে। ধাক্কার চোটে টোটো-সহ নদীতে পড়ে যান ওই প্রৌঢ়া।
হঠাৎ এমন ঘটনায় ঘাটে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে পড়েন। পরক্ষণেই স্থানীয় বাসিন্দারা জলে নেমে তাঁকে উদ্ধার করেন। মৃতার স্বামী সুকুমার সাহা বলেন, ‘‘আমরা ঘাটে দাঁড়িয়ে পোশাক বদলাচ্ছিলাম। হঠাৎ চালকবিহীন টোটোটি পিছন থেকে স্ত্রীকে ধাক্কা মারে। ওঁর মাথা ও থুতনি-সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট লেগেছিল।’’ স্থানীয়দের সাহায্যে জবারানিকে দ্রুত জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, টোটোটির চালক নদীর ধারে গাড়িটি দাঁড় করিয়ে পাশের একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। সম্ভবত টোটোটির হ্যান্ডব্রেক ঠিকমতো লাগানো ছিল না, যার জেরেই সেটি গড়িয়ে নদীতে নেমে আসে। পুলিশ জানিয়েছে, টোটোটির চালক তথা মালিককে চিহ্নিত করা গিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতার পরিবারের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

