মিঠুনের হাত ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবে বড় চমক
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিগত সরকারের আমল থেকেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতি বারই থাকে বিশেষ চমক। অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের উপস্থিতিতে উৎসবের মঞ্চ আলো করে থাকার ঐতিহ্য এবারও বজায় থাকছে। তবে রাজনৈতিক সমীকরণের বদলের সঙ্গে সঙ্গে এবার অতিথি তালিকাতেও বড়সড় চমক দিতে চলেছে নতুন সরকার। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং বলিউড অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রনৌত। মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি কমিটির উচ্চপর্যায়ের বৈঠকের পর এমনই ইঙ্গিত মিলেছে।
চলচ্চিত্র উৎসব আয়োজনের লক্ষ্যে গঠিত সরকারি কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকে টলিউড ও বলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম মহাগুরু মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং শর্বরী মুখোপাধ্যায়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উৎসবের নানা পরিকল্পনার কথা জানান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি জানান, চলচ্চিত্র উৎসব উপলক্ষে গোটা কলকাতা শহরের গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থানগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে, যাতে উৎসবের আমেজ শহরের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে।
এর পরেই উৎসবের মূল আকর্ষণ অর্থাৎ তারকা অতিথিদের নাম প্রকাশ করেন মিঠুন। তাঁর কথায়, “এ বার রজনীকান্ত, প্রভাস এবং অনুপম খের আসছেন। এর পাশাপাশি কথাবার্তা চলছে কঙ্গনা রনৌত ও পরেশ রাওয়ালের সঙ্গেও।” তবে অতিথি তালিকায় ভিড় বাড়িয়ে জাঁকজমক করার চেয়ে গুণগত মানে জোর দিতে চাইছে কমিটি। মিঠুন স্পষ্ট জানান, “বেশি ভিড় বাড়াতে চাই না। এই তারকারা এলেই উৎসব জমে যাবে।” ভারতীয় তারকাদের পাশাপাশি বিদেশের কয়েকজন নামী চলচ্চিত্র ব্যক্তিত্বকে কলকাতায় নিয়ে আসার জন্য আন্তর্জাতিক স্তরেও জোড়কদমে যোগাযোগ চালানো হচ্ছে বলে কমিটি সূত্রে খবর। সব মিলিয়ে শীতের কলকাতায় রূপোলী পর্দার এই মহোৎসব ঘিরে এখন থেকেই চড়ছে পারদ।

