কোচবিহারে অনুপ্রবেশ রুখতে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধিঃ বুধবার ২৫ নভেম্বর কোচবিহার শহরের এমজেএন স্টেডিয়ামে ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সামনেই কোচবিহারের পুলিশ সুপার (এসপি) মণীশ যোশীকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর স্পষ্ট নির্দেশ দেন তিনি।
এ দিন দু’শো বছরের পুরনো ঐতিহ্যবাহী রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে জেলাশাসক (ডিএম) ও পুলিশ সুপারের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশের বিষয়টি তুলে ধরেন তিনি। পুলিশ সুপারের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “এসপি শুনে রাখুন, এই জেলাতে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে ফেরত পাঠাতে হবে, তাড়াতে হবে।”
তবে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ক্ষেত্রে ভিন্ন অবস্থানের কথা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, যাঁরা ধর্ম ও প্রাণ বাঁচানোর তাগিদে ওপার বাংলা থেকে এ দেশে এসেছেন, তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা ঠিক নয়। মঞ্চ থেকে তিনি বলেন, “যাঁরা ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য এসেছেন, হিন্দুরা, তাঁরা অনুপ্রবেশকারী নন, তাঁরা শরণার্থী। তাঁদের আশ্রয় দিতে হবে।”
প্রসঙ্গত, স্বরাষ্ট্র দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী এ দিন সীমান্ত সুরক্ষা জোরদার করার উপরেও গুরুত্ব দেন। রাজ্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সমন্বয় রেখে কাজ করার পাশাপাশি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করা এবং চোরাচালান রুখতেও কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। রাসমেলার মতো বড় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ থেকে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

