হট টপিক
পিএফের নিয়মে বড় বদল, অবসরের পর ২০ বছর মিলবে সুদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সংক্রান্ত নিয়মে আমূল পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। শুধুমাত্র অবসরের পর সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান বা কিস্তিতে টাকা তোলার সুবিধাই নয়, অছি পরিষদের (সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ) বৈঠকে নেওয়া সিদ্ধান্তে বদলে যেতে চলেছে পিএফের গোটা পরিকাঠামোটাই। নতুন এই ব্যবস্থা চালু হলে কর্মীরা তাঁদের পিএফ অ্যাকাউন্টে নিজের ইচ্ছেমতো অতিরিক্ত টাকা জমা রাখতে পারবেন এবং অবসরের পর টানা ২০ বছর পর্যন্ত সেই জমানো টাকার উপর সুদও পাবেন।
বর্তমানে পিএফ অ্যাকাউন্টে টাকা জমার বিষয়টি কর্মীর বেতন থেকে কেটে নেওয়া নির্দিষ্ট অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ। নিয়ম অনুযায়ী, কর্মীর বেতনের একটি নির্দিষ্ট অংশ সংস্থা কেটে নিয়ে পিএফ দপ্তরে জমা করে। কিন্তু অছি পরিষদের প্রস্তাবিত নতুন ব্যবস্থা কার্যকর হয়ে গেলে সেই বাঁধাধরা নিয়মের গণ্ডি পেরিয়ে কর্মীরা নিজেরাই অতিরিক্ত টাকা পিএফ অ্যাকাউন্টে জমা করতে পারবেন। অর্থাৎ, পিএফ অ্যাকাউন্টকে সাধারণ ব্যাঙ্ক বা সঞ্চয় প্রকল্পের মতোই বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে।
এখানেই শেষ নয়, অবসর পরবর্তী সঞ্চয়ের ক্ষেত্রেও বড়সড় স্বস্তি দিতে চলেছে এই সিদ্ধান্ত। এতদিন অবসরের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পিএফের টাকা তুলে নেওয়ার তাগিদ থাকত, কারণ দীর্ঘ সময় অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে সুদ বন্ধ হয়ে যাওয়ার নিয়ম ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবসরের পরও টানা ২০ বছর পর্যন্ত পিএফ অ্যাকাউন্টে জমানো টাকা রেখে দেওয়া যাবে এবং তার উপর নিয়মিত সুদও মিলবে।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কার্যকর হলে কর্মীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা অনেকটাই মজবুত হবে। সরকারি গ্যারান্টিযুক্ত এই তহবিলে অতিরিক্ত সঞ্চয় ও দীর্ঘমেয়াদি সুদের সুবিধা পাওয়ায় সাধারণ চাকরিজীবীরা বিশেষভাবে উপকৃত হবেন।

