বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত সদস্যকে পোলে বেঁধে মারধর

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬
টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত সদস্যকে পোলে বেঁধে মারধর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কালনা: পাওনা টাকা ফেরত না দেওয়া এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে এক পঞ্চায়েত সদস্যকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা-১ ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত নেতার নাম সুমিত ঘোষ। স্থানীয় সূত্রে খবর, তিনি ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ঘটনার খবর পেয়ে কালনা থানার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিগত দিনে এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন সুমিত। শুধুমাত্র একজন পঞ্চায়েত সদস্য হওয়া সত্ত্বেও তাঁর কথাতেই পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম চলত। সেই সময় গ্রামের বহু মানুষের কাছ থেকে নানা কাজের নাম করে টাকা নিলেও তিনি তা ফেরত দেননি বলে দাবি গ্রামবাসীদের। পাশাপাশি, পঞ্চায়েতের মিনি সেচ প্রকল্পের টাকাও তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু তাঁর দাপটের কারণে এতদিন ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর থেকেই বেশ কিছুদিন এলাকাছাড়া ছিলেন ওই নেতা। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। এরপরেই গ্রামের একাংশ তাঁর কাছে নিজেদের পাওনা টাকা এবং মিনি সেচ প্রকল্পের খরচের হিসাব চাইতে শুরু করেন। সোমবার সকালে একদল গ্রামবাসী তাঁর কাছে টাকা ও হিসাব চাইলে বচসা শুরু হয়। অভিযোগ, টাকা ফেরত দেওয়ার বদলে সুমিত গ্রামবাসীদের উদ্দেশে আজেবাজে মন্তব্য করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন উপস্থিত জনতা। উত্তেজনা ছড়িয়ে পড়লে তাঁকে মারধর করা হয় এবং একটি পোলে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ। পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযুক্ত নেতার তরফে এই অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

আরও খবর