বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মনুষ্যত্ববিহীন মানুষ?

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬
মনুষ্যত্ববিহীন মানুষ?
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

মনুষ্যত্ব বাদ দিয়ে মানুষ হয় না। যেমন পশুত্ব বাদ দিয়ে পশু হয় না। মনুষ্যত্ববিহীন মানুষে আর পশুতে কোন পার্থক্য নেই। মানুষের ধর্মে আর পশু পাখিদের ধর্মে পার্থক্য এই যে, পশুপাখি তাদের ধর্ম নিয়েই জন্মায়, আর মানুষ তার ধর্ম নিয়ে জন্মায় না। মনুষ্যত্বটা মানুষকে অর্জন করে নিতে হয়। যিনি আমাদের দাতা, তিনি কিন্তু ভুল করেননি। মানুষ কে জানতে হবে—মনুষ্যত্বটা কি এবং কি করে মনুষ্যত্ব অর্জন করতে হয়? মনুষ্যত্ব বা মানবধর্ম-এই কথাটি আমাদের শাস্ত্রের ভাষা। মনুর একটি পুঁথি আছে তার নাম মানবধর্মশাস্ত্র। মহাভারতেও মানব ধর্মের উল্লেখ আছে। মানবজাতির একটাই ধর্ম—মানবধর্ম। এ ধর্ম বাদ দিলে সর্বনাশ। সুতরাং যদি বলি শিক্ষা হবে ধর্মহীন, তাহলে বুঝবো ওই শিক্ষায় মানুষ গড়বে না। ছাত্র-ছাত্রীর মনুষ্যত্ব হবে না। শিক্ষায় ধর্ম থাকবে না মানে এ শিক্ষায় যারা শিক্ষিত হবেন তারা মনুষ্যত্ব লাভ করবেন না। মনুষ্যত্ব লোপ পেয়ে যাবে। রাষ্ট্র হবে ধর্মহীন, তার অর্থ হল রাষ্ট্র যারা শাসন করবে তাদের কোন ধর্ম থাকবে না। যারা এসব কথা বলেন তারা হয়তো ধর্ম কি তা বোঝেন না। মনে রাখতে হবে আমাদের ধর্ম জিনিসটা রিলিজিয়ান নয়। আমাদের শাস্ত্রের ভাষায় বা মহাপুরুষদের ভাষায় মনুষ্যত্বের দুই তিনটি সংজ্ঞা আছে। সবচেয়ে ছোট সংজ্ঞাটি যাতে মাত্র পাঁচটি লক্ষণের কথা আছে। মনুষ্যত্ব ধর্ম বলতে প্রধানত এই পাঁচটি গুণকে বোঝায়—অহিংসা সত্যমস্তেয়ং শৌচং সংযমমেব চ। অর্থাৎ চুরি না করা ,শুচি থাকা, হিংসা না করা, সংযমী হওয়া এবং সত্যাশ্রয়ী হওয়া। আশ্চর্যের ব্যাপার হলো, পশু পাখি সকলেই তাদের ধর্ম মেনে চলে। সমস্যা শুধু মানুষকে নিয়ে। একমাত্র মানুষই তার ধর্ম মানতে চায় না। এই পাঁচটি গুণ যদি কারো মধ্যে পাই তবে বলব লোকটার মনুষ্যত্ব আছে। অনেক সময় আমরা বলে থাকি লোকটা বিদ্বান কিন্তু মনুষত্ব নেই—অর্থাৎ বিদ্যা বুদ্ধিটা মনুষ্যত্ব নয়। ধন আছে কিন্তু মনুষ্যত্ব নেই—তার অর্থ ধনসম্পদটা মনুষ্যত্ব নয়। লোকটার বেশ প্রতিভা আছে, নাম- যশও আছে কিন্তু মনুষ্যত্ব নেই। সুতরাং বোঝা গেল নাম যশ প্রতিভা এগুলোও মনুষত্ব নয়। অথচ মনুষ্যত্ব জিনিসটা বোঝেনা এমন লোক কিন্তু নেই, সবাই বোঝে মনুষ্যত্বটা কি , কিন্তু ব্যাখ্যা করতে সময় লাগে। একটা মানুষের সাথে চলাফেরা ও আলাপ ব্যবহার করে আমরা সহজেই বলতে পারি লোকটার মনুষ্যত্ব আছে কি নেই। ব্যাখ্যা করার থেকে অনুভব করা সহজ। তাই শাস্ত্রকারগণ বিশ্লেষণ করে দিয়েছেন যে , এই গুণগুলি যদি একটা লোকের মধ্যে দেখি, যদি দেখি লোকটার ভিতরে হিংসা নেই, লোকটা চুরি করে না, মিথ্যা কথা বলে না , যথেষ্ট সংযমী এবং ভেতর-বাহির পরিষ্কার তাহলেই বলবো লোকটার মনুষত্ব আছে। মানুষকে এইগুলি অর্জন করতে হয়, এগুলি অর্জন না করা পর্যন্ত মানুষ পশুই থাকে।

আরও খবর