বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

শান্তিনিকেতনে শুরু রথীন্দ্র মেলা, নজর কাড়ল পড়ুয়াদের সৃজনশীলতা

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
শান্তিনিকেতনে শুরু রথীন্দ্র মেলা, নজর কাড়ল পড়ুয়াদের সৃজনশীলতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, শান্তিনিকেতন: রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বভারতীতে শুরু হল দু’দিনের ঐতিহ্যবাহী ‘রথীন্দ্র মেলা’। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২৭ ও ২৮ নভেম্বর— এই দু’দিন ব্যাপী মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছে পড়ুয়াদের নিজেদের হাতে তৈরি নানা শিল্পসামগ্রী এবং বর্জ্য বা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে সাজানো অপরূপ মেলা প্রাঙ্গণ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, ডিরেক্টর অধ্যাপক অমিত হাজরা, পল্লিশিক্ষা বিভাগের অধ্যক্ষ অধ্যাপক অরবিন্দ মণ্ডল এবং শিল্পসদনের বিভাগীয় প্রধান অধ্যাপক আশিস মিত্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, প্রতি বছরের মতো এ বছরও যথাযোগ্য মর্যাদায় রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন ও রথীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। মূলত শিল্প, সংস্কৃতি এবং পড়ুয়াদের সৃজনশীল কাজকে সকলের সামনে তুলে ধরাই এই মেলার প্রধান উদ্দেশ্য।

এবারের মেলায় লেদার, হ্যান্ডমেড পেপার, টেক্সটাইল এবং সেরামিক সহ একাধিক আকর্ষণীয় স্টল বসেছে। পড়ুয়ারা তাঁদের হাতে তৈরি নানা জিনিস প্রদর্শনের পাশাপাশি বিক্রিরও ব্যবস্থা করেছেন। তবে মেলার সজ্জায় সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে পরিবেশবান্ধব ভাবনা। ফেলে দেওয়া শালপাতা, মাছ ধরার ঝুড়ি এবং বাতিল কাপড়ের টুকরোর মতো উপকরণ ব্যবহার করে অপূর্ব সাজে সাজানো হয়েছে গোটা মেলা প্রাঙ্গণ।

মেলার প্রস্তুতির শুরু থেকেই সরাসরি যুক্ত ছিলেন পড়ুয়ারা। শিল্পসদনের ছাত্রী নিকিতা মণ্ডল ও মহুল হাওলাদার তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘নিজেদের হাতে তৈরি জিনিস সকলের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের কাছে খুব আনন্দের। মেলার সাজসজ্জা থেকে শুরু করে স্টল তৈরি— সবেতেই আমরা একসঙ্গে কাজ করেছি। মানুষের কাছে আমাদের কাজ পছন্দ হলে পরিশ্রম সার্থক মনে হয়।’’ ছুটির মেজাজে প্রথম দিন থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আরও খবর