বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
অবকাশ

হ্যাপি বার্থডে সুকুমার রায়

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬
হ্যাপি বার্থডে সুকুমার রায়
দীপ্র ভট্টাচার্যদীপ্র ভট্টাচার্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

সুকুমার রায়ের জন্মদিনে, আবোল তাবোল পড়তে পড়তে সেদিন দুপুরে হ-য-ব-র-ল-র সেই চেনা মাঠটার এক কোণে বসে একটু ঝিমোচ্ছিলাম, এমন সময় হঠাৎ কানে এলো একটা বিকট শব্দ। চোখ মেলে দেখি, সামনে দাঁড়িয়ে স্বয়ং কাকেশ্বর কুচকুচে! হাতে একটা বড় খেরোর খাতা, আর চোখে তিন-তিনটে চশমা। আমায় দেখেই সে বলে উঠল, "উদ্বাস্তু নাকি হে? ৪১ নম্বর ধারা অনুযায়ী এই মাঠে বিনা অনুমতিতে ঝিমোনো দণ্ডনীয় অপরাধ। জরিমানা চোদ্দ আনা তিন পাই!"

 

আমি কিছু বলার আগেই ঝোপের আড়াল থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো এক অদ্ভুত জীব। অর্ধেকটা হাঁস আর বাকিটা সজারু— অর্থাৎ আমাদের চিরপরিচিত হাঁসজারু! সে এসেই সজারুর কাঁটাগুলো খাড়া করে দূরে দাঁড়িয়ে থাকা বকচ্ছপকে তাড়া করতে লাগল। বকচ্ছপ তখন কচ্ছপের খোলের ভেতর থেকে বকের মতো গলা বাড়িয়ে চেঁচাচ্ছে, "তবে রে! তফাত যাও, নইলে ব্যাকরণ সিংকে ডেকে আনব!"

 

কিছু দূরে একটা বটগাছের তলায় বসে রামগরুড়ের ছানা তখনো আপ্রাণ চেষ্টা করছে মুখটা গম্ভীর রাখতে। কিন্তু পাশে বসে পাগলা দাশু একটা ছেঁড়া ছাতা মাথায় দিয়ে অনবরত এমন সব মজার অঙ্গভঙ্গি করছে যে রামগরুড়ের ছানার পক্ষে হাসি চেপে রাখা দায় হয়ে পড়েছে। দাশু হঠাৎ চিৎকার করে উঠল, "ওরে ভাই, দেখে যা! কুমড়ো পটাশ আজ আর নাচছে না, সে আজ হুঁকোমুখো হ্যাংলার হুঁকো চুরি করে পালিয়েছে!"

 

সত্যিই তাই! মাঠের ওপাশে হুঁকোমুখো হ্যাংলা তার ভাঙা হুঁকোটা হাতড়ে বেড়াচ্ছে আর কাঁদছে। তার কান্না দেখে কাঠ-বুড়ো কাঠের স্কেল দিয়ে আকাশের মেঘ মাপতে মাপতে বলল, "আরে বাপু, কেঁদে কী হবে? আকাশে তো এখন সাড়ে তিন গজ মেঘ, একটু পরেই বৃষ্টি নামবে। না ভিজতে চাইলে, তার চেয়ে চলো, ট্যাঁশগরুর খাঁচায় গিয়ে আশ্রয় নিই।"

 

ওদিকে ট্যাঁশগরু তখন নিজের খাঁচায় বসে ঘুমিয়ে মজার স্বপ্ন দেখতে দেখতে মনের সুখে গান গাইছিল। কথার চীৎকারে সে জেগে গিয়ে চোখ গোল গোল করে বলল, "খবরদার! আমার কাছে এসো না। আমার কিন্তু আবার মোরগরুর মতো ভোরবেলা ডাক দেওয়ার ব্যারাম আছে, ঘুম ভেঙে গেলে কিন্তু সিংহরিণ এসে শিং দিয়ে গুঁতো মারবে!"

 

চারিদিকে এই অদ্ভুত হট্টগোল দেখে আমি যখন পুরোপুরি কিংকর্তব্যবিমূঢ়, ঠিক তখনই মাঠের মাঝখানে একটা মস্ত বড় কাণ্ড ঘটল। হাতিমি— অর্থাৎ সেই অর্ধেক হাতি আর অর্ধেক তিমি— মাঠের পুকুর থেকে শুঁড় দিয়ে জল ছিটিয়ে সবাইকে ভিজিয়ে দিতে লাগল। গিরগিটিয়া তখন গাছের ডাল থেকে রঙ বদলে নীল হয়ে চেঁচাচ্ছে, "জল নিকাশি আইন পাস হয়েছে! জল নিকাশি আইন পাস হয়েছে!"

 

কাকেশ্বর কুচকুচে তার খেরোর খাতায় সব হিসেব লিখে নিয়ে বলল, "সবাই চুপ! এবার সুকুমার বাবু আসবেন। তিনি এসে যদি দেখেন তোমরা সবাই মিলে এমন হ-য-ব-র-ল কাণ্ড বাধিয়েছ, তবে কিন্তু সবাইকে আবোল তাবোলের পাতায় বন্দি করে রাখবেন!"

 

কাকেশ্বরের কথা শুনে পাগলা দাশু তার ছাতাটা ছুড়ে ফেলে দিয়ে এক লাফে গাছের ডালে চড়ে বসল। আর সব অদ্ভুত প্রাণীরা যে যেদিকে পারল, সুকুমার রায়ের কল্পনার রাজ্যে দে ছুট, দে ছুট! শুধু মাঠের কোণে পড়ে রইলাম আমি আর সুকুমার রায়ের আবোল তাবোল।

আরও অবকাশ খবর