বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সাহিত্য সংস্কৃতি

পূরব ব্যানার্জীর কবিতা "বাবার কাছে যাবো"

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬
পূরব ব্যানার্জীর কবিতা "বাবার কাছে যাবো"
পূরব ব্যানার্জীপূরব ব্যানার্জী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

পাশের বাড়ির ছোট্ট শিশুটি কেঁদেই চলেছে—
কত আর বয়স তার?
বড়জোর তিন কি চার…
মায়ের কত আকুতি,
কত সান্ত্বনা, কত চেষ্টা—
তবু কান্না থামে না তার।
শুধু একটাই বায়না,
একটাই আকুল ডাক—
“বাবার কাছে যাবো,
আমায় বাবার কাছে নিয়ে চলো…”

শিশুটির কান্না শুনে
কেন জানি না, বুকটা হাহাকার করে উঠলো,
মনে হলো—
চিৎকার করে আমিও বলি,
বাবার কাছে আমিও যাবো…
বয়স কি সেখানে কোনো বাধা?
শিশু হোক কিংবা বৃদ্ধ—
বাবা হারানোর শূন্যতা
সবার কাছেই সমান।
বাবা ছাড়া পৃথিবীটা
কেমন যেন অসহায়,
মাথার ওপর থেকে
হঠাৎ আকাশটা সরে গেলে
যেমন চারপাশে শুধু
অসীম শূন্যতা।।

আজ দেখতে দেখতে
একটা মাস পেরিয়ে গেল—
আমার আকাশটাও
হঠাৎ অন্ধকার হয়ে গেছে। 
জানি, কাঁদলেও তুমি আর ফিরবে না,
শত আর্তনাদেও নয়,
হাজারবার ডাকলেও
দরজা খুলে এসে বলবে না—
“কী হয়েছে?
আমি তো আছি…”

আর কোনোদিন
মাথায় হাত রেখে
দেবে না সেই নিশ্চিন্ত আশ্রয়,
আর কোনোদিন বলবে না—
“ভয় পাস না,
সব ঠিক হয়ে যাবে।। ”

তবু প্রতিদিন
অজান্তেই খুঁজি তোমায়—
ভিড়ের মাঝে,
নিঃশব্দ ঘরে,
স্মৃতির প্রতিটি অলিগলিতে।
জানি,
এই জীবনের পথে
আর তোমার সঙ্গে হাঁটা হবে না,
তবু মন মানে না—
আজও মনে হয়,
এই বুঝি দরজায় কড়া নাড়বে,
এই বুঝি মাথায় হাত রেখে
আবার বলবে—
“আমি তো আছি…”

কিন্তু না—
আমার আকাশে আজ
কোনো ভোর নেই,
শুধু জমে আছে
এক অনন্ত তমসা।
আর সেই আঁধার
আমৃত্যু আমাকে দগ্ধ করবে—
একটি অসমাপ্ত কান্নায়,
একটি অপূর্ণ আকুতিতে—
“বাবা…
আমি তোমার কাছে যাবো…”

আরও সাহিত্য সংস্কৃতি