বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সাহিত্য সংস্কৃতি

পূরব ব্যানার্জীর কবিতা "সময় যেন আজ বড় স্থির "

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬
পূরব ব্যানার্জীর কবিতা "সময় যেন আজ বড় স্থির "
পূরব ব্যানার্জীপূরব ব্যানার্জী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

একদিন সময় ছিল বড় অস্থির,
ছুটতাম আমিও তার পিছু পিছু—
সকাল ফুরোনোর আগেই
দুপুর এসে কড়া নাড়ত,
দুপুর পেরোতে না পেরোতেই
রাত নামত নিঃশব্দে।
কত কাজ, কত ব্যস্ততা,
কত মানুষের ভিড়—
নিজের কাছে বসারও যেন
একটুকু অবসর ছিল না ।।

অথচ আজ—
ঘড়ির কাঁটা ঠিকই চলে,
দিন আসে, রাত নামে,
শুধু আমার সময়টা
কোথায় যেন থেমে গেছে ।।

জানালার পাশে বসে দেখি—
একই আকাশ, একই বাতাস,
একই রোদ এসে পড়ে ঘরে,
তবু কেন জানি
সবকিছু কেমন অচেনা লাগে।
ঘরের প্রতিটি কোণে
একটা না-বলা গল্প,
একটা নিঃশব্দ অপেক্ষা—
চেনা সেই চেয়ার,
চেনা সেই বিছানা,
চেনা সেই দরজার পাশে-------
আজও যেন কারও ছায়া দাঁড়িয়ে থাকে ।।

জানি— এ আমার ভ্রম, এ আমার অজ্ঞতা ! 
সে আর আসবে না,
তবু মন মানে না।
কখনো হঠাৎ মনে হয়,
এই বুঝি ডাকবে—
“কোথায় আছিস?”
আমি ছুটে যাব,
আর এক মুহূর্তে, বুকের ভেতরের -----------
এক আকাশ শূন্যতা হটাৎ'ই আবার ভরে যাবে।
কিন্তু না—
দরজা বন্ধই থাকে,
ঘর নিঃশব্দই থাকে,
শুধু আমার বুকের ভেতর
একটা অদৃশ্য দরজা
প্রতিদিন খুলে যায়, আর একটা দমকা হাওয়ায় -------
আবারও বন্ধ হয়ে যায় ।।

আজ আর কোথাও যাওয়ার তাড়া নেই,
কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নেই—
শুধু একটু শান্তি চাই,
একটু নিশ্চিন্ত ঘুম,
যেখানে স্বপ্নের ভেতর
হারিয়ে যাওয়া মানুষগুলো
আবার ফিরে আসে ।।

জীবন বুঝি এমনই—
যখন সময় ছিল,
সময়কে বুঝিনি;
আজ সময় অঢেল,
কিন্তু পাশে নেই
যার সঙ্গে
এই সময়টুকু ভাগ করে নেব ।।

তাই আজকাল
ঘড়ির দিকে তাকাই না—
শুধু তাকিয়ে থাকি
সেই শূন্য জায়গাটার দিকে,
যেখানে একদিন
একজন মানুষ ছিল,
আর আজও
আমার সমস্ত সময়
তাকে ঘিরেই থেমে আছে।

আরও সাহিত্য সংস্কৃতি