হলিউডের পর এবার প্যারিস, বিলাসবহুল হোটেল গড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
নিজস্ব প্রতিনিধি: জাতীয় দলের জার্সিকে বিদায় জানিয়েছেন কিছুদিন আগেই। আর তার পর থেকেই ফুটবল মাঠের বাইরের দুনিয়ায় নিজের সাম্রাজ্য বিস্তারে পুরোদমে মন দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি জানা গিয়েছিল, হলিউডে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রযোজনা করতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। সেই রেশ কাটতে না কাটতেই এবার নিজের হোটেল ব্যবসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পথে হাঁটলেন সিআর সেভেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিপুল অর্থ বিনিয়োগ করে একটি বিলাসবহুল হোটেল তৈরি করতে চলেছে তাঁর সংস্থা।
ফুটবল কেরিয়ারের শেষে ব্যবসার জগতে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন রোনাল্ডো। বিশ্বজুড়ে ‘পেস্তানা সিআর সেভেন’ (Pestana CR7) ব্র্যান্ডের অধীনে ইতিমধ্যেই তাঁর একাধিক বিলাসবহুল হোটেল রয়েছে। পর্তুগালের লিসবন ও ফুনচাল থেকে শুরু করে স্পেনের মাদ্রিদ, আমেরিকার নিউ ইয়র্ক এবং মরক্কোর মারাকেশে রোনাল্ডোর হোটেল পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবার সেই তালিকায় জুড়তে চলেছে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র প্যারিসের নাম।
সূত্রের খবর, প্যারিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকায় এই নতুন হোটেলটি গড়ে তোলা হচ্ছে। আধুনিক স্থাপত্য, বিশ্বমানের পরিষেবা এবং রোনাল্ডোর নিজস্ব স্টাইলের ছোঁয়া থাকবে এই বিলাসবহুল হোটেলে। ফুটবলপ্রেমী ও পর্যটকদের আকর্ষণ করতে সেখানে বিশেষ কিছু চমকও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
মাঠের সবুজ গালিচায় অসংখ্য রেকর্ড গড়ার পর এখন বিনোদন ও আতিথেয়তা— এই দুই ক্ষেত্রেই নিজের দাপট বজায় রাখতে চাইছেন পর্তুগিজ তারকা। হলিউডে ছবি প্রযোজনার পাশাপাশি প্যারিসে এই বিশাল বিনিয়োগ প্রমাণ করে দিল, অবসরের পরের জীবনের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

