বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

৬৪ খোপে সেঞ্চুরি ভারতের, গ্র্যান্ডমাস্টার হলেন অনুজ

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬
৬৪ খোপে সেঞ্চুরি ভারতের, গ্র্যান্ডমাস্টার হলেন অনুজ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আলোর উৎসবের আবহের মাঝেই ভারতীয় ক্রীড়া দুনিয়ায় এল এক ঐতিহাসিক মুহূর্ত। দেশের ১০০ তম দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার (GM) খেতাব অর্জন করলেন মধ্যপ্রদেশের ২২ বছর বয়সি তরুণ তুর্কি অনুজ শ্রীভাত্রী। ফিলিপিন্সের ওজামিজ শহরে আয়োজিত সপ্তম আসিয়ান প্লাস ইন্ডিভিজুয়াল ওপেন দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে ইন্টারন্যাশনাল মাস্টার থেকে সরাসরি গ্র্যান্ডমাস্টার হওয়ার অনন্য নজির গড়লেন তিনি। এই সাফল্যের সুবাদে একই সঙ্গে মধ্যপ্রদেশের দাবার ইতিহাসের পাতায় প্রথম গ্র্যান্ডমাস্টার হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন অনুজ।

ফিলিপিন্সের মাটিতে এই টুর্নামেন্টে অনুজের শুরুটা অবশ্য খুব একটা ভালো ছিল না। প্রথম রাউন্ডের ম্যচে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। কিন্তু ভেঙে না পড়ে অদম্য মানসিকতা নিয়ে লড়াইয়ে ঘুরে দাঁড়ান এই তরুণ। এরপর শেষ আটটি রাউন্ডের খেলায় দুর্দান্ত পারফর্ম করে সাত পয়েন্ট তুলে নেন তিনি। শেষ দুটি ম্যান্ডেটরি ম্যাচে স্নায়ুর লড়াইয়ে জয় পেয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন অনুজ এবং সরাসরি প্রয়োজনীয় জিএম নর্ম হাসিল করতে সক্ষম হন।

১৯৮৮ সালে বিশ্বনাথন আনন্দের হাত ধরে ভারত প্রথম দাবায় গ্র্যান্ডমাস্টার পেয়েছিল। তার দীর্ঘ ৩৮ বছর পর এই ম্যাজিক ফিগার ছুঁল দেশ। স্বাভাবিকভাবেই ভারতীয় দাবার এই ঐতিহাসিক সেঞ্চুরিতে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। অনুজের এই অভাবনীয় সাফল্যে অল ইন্ডিয়া চেস ফেডারেশন (AICF)-এর সভাপতি নীতিন নারং এবং স্বয়ং কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ সমাজমাধ্যমে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় দাবার এই অবিশ্বাস্য উন্নতি প্রমাণ করে যে আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন দাবার নতুন সুপারপাওয়ার হয়ে উঠছে। দীপাবলির আলোর রোশনাইয়ের মাঝেই অনুজের এই খেতাব জয় ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে অন্যতম সেরা উপহার হয়ে রইল।

আরও খেলার খবর