জোড়াফুল মমতারই থাকবে, সাতদিন অপেক্ষা করুন: হুঁশিয়ারি অভিষেকের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের দলীয় প্রতীক 'জোড়াফুল' নিয়ে আইনি টানাপোড়েন চলছে। এর মধ্যেই এবার বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জগদ্ধাত্রী পুজোয় যোগ দিয়েছিলেন তিনি। পুজো প্রাঙ্গণে দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ।
এদিন প্রতীক বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে বেশ আত্মবিশ্বাসী দেখায় অভিষেককে। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে এবং থাকবেই। সাতদিন খালি দাঁড়ান।” তাঁর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলের প্রতীক নিয়ে যে আইনি জটিলতা তৈরি করার চেষ্টা চলছে, তা যে বেশিদিন টিকবে না, অভিষেকের কথায় সেই ইঙ্গিতই স্পষ্ট।
শুধু প্রতীকের অধিকার নিয়ে দাবি করেই থেমে থাকেননি তৃণমূল সাংসদ। এই আইনি লড়াইয়ের নেপথ্যে কারা রয়েছে, তাও প্রকাশ্যে আনার কথা ঘোষণা করেন তিনি। অভিষেক দাবি করেন, এই বিষয়ে থানায় কীভাবে হলফনামা বা এফিডেভিট জমা দেওয়া হয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য তাঁদের হাতে রয়েছে। তিনি বলেন, “কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল হয়েছে, সব সামনে আসবে।”
পাশাপাশি, গোটা বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য এক অভিনব পন্থার কথাও জানান অভিষেক। তিনি দাবি করেন, খুব শীঘ্রই বড় পর্দায় এই সংক্রান্ত সমস্ত তথ্যপ্রমাণ সকলের সামনে আনা হবে। পুজোর উৎসবমুখর পরিবেশে দাঁড়িয়ে অভিষেকের এই বিস্ফোরক মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি ঠিক কী তথ্য সামনে আনেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

