প্রয়াত প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে
নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গনি খান চৌধুরীর ভাই তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী (৯২)। রাজনৈতিক মহলে তিনি ‘লেবু’ নামেই বেশি পরিচিত ছিলেন। বৃহস্পতিবার সকালে কলকাতার নিউ টাউনের বাড়িতে বয়সজনিত অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়। রাতেই কলকাতা থেকে ‘গ্রিন করিডর’ করে তাঁর দেহ মালদহের কোতোয়ালি ভবনে নিয়ে আসা হয়। বর্ষীয়ান নেতার প্রয়াণে দলমত নির্বিশেষে শোকপ্রকাশ করেছেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব। এক্স হ্যান্ডেলে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শোকপ্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং অধীর রঞ্জন চৌধুরীও।
পরিবার সূত্রে খবর, বয়সজনিত রোগে ভোগার কারণে বছরখানেক ধরে নিউ টাউনের বাড়িতেই থাকতেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই দেহ মালদহে নিয়ে আসার জন্য রাজ্যের মুখ্যসচিবকে বার্তা পাঠান প্রয়াত নেতার সাংসদ ভাইপো ইশা খান চৌধুরী। প্রশাসনের তৎপরতায় গ্রিন করিডর করে রাতে দেহ কোতোয়ালিতে পৌঁছয়।
উল্লেখ্য, গত এপ্রিলেই বয়সজনিত কারণে প্রয়াত হয়েছিলেন গনি খানের আর এক ভাই তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)। এ দিন লেবুর মৃত্যুতে ফের শোকস্তব্ধ হয়ে পড়ে কোতোয়ালি ভবন। গনি খান এবং ডালুর কবরের সামনেই কবরস্থ করা হয় তাঁকে। নিজে হাতে কবরের মাটি কাটেন ইশা খান চৌধুরী। উপস্থিত ছিলেন মৌসম নুরও।
২০১১ সালে সুজাপুর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রী হয়েছিলেন আবু নাসের। পরে ২০১৫ সালে তৃণমূলে যোগ দিয়ে ২০১৬-র নির্বাচনে ভাইপো ইশার কাছে পরাজিত হন। তার পর থেকেই সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। ইশা খান বলেন, “ভোট ভোটের জায়গায়। এক জন অভিভাবককে হারালাম।” মৌসম নুরের কথায়, “লেবু মামার মৃত্যুতে গোটা কোতোয়ালি পরিবার শোকাহত।”

